জনতার প্রেস

মূল পাতা

অপরাধ

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, দোকানে আগুন-গুলিবর্ষণ, আহত ১৫

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, দোকানে আগুন-গুলিবর্ষণ, আহত ১৫

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় জাদুঘর মোড়ের ফুটপাতে থাকা অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক এবং যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতা-কর্মীদের দেশি অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এ সময় পিস্তল হাতে এক ব্যক্তিকে গুলি ছুড়তেও দেখা গেছে।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, শাহিনুর রহমান নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। শাহিনুর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ওয়ার্ড কমিটির সহসভাপতি বলে দাবি করেছেন ছাত্রদল নেতা ইমদাদুল হক।

জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের টিবি পুকুর এলাকার একটি দোকানে সাফায়েত হোসেনের চাচাতো ভাই কৌশিকের সঙ্গে বসে ছিলেন শাহিনুর। এ সময় ইমদাদুল হকের অনুসারী ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে সাফায়েত হোসেন জাদুঘর মোড়ে ইমদাদুল হকের সঙ্গে দেখা করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক অভিযোগ করে বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা শাহিনুরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এরপর তাঁরা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও সংঘর্ষে যোগ দেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান ইমদাদুল।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাফায়েত হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘এই ইমদাদুল হক আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। আমার নামে যে অভিযোগ করা হয়েছে, এটা বানোয়াট। সেখানে আমি ছিলাম না।’

তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্ট থানার লুট হওয়া অস্ত্র ইমদাদুল হকের অনুসারীদের কাছে রয়েছে। সংঘর্ষের ঘটনায় তাঁদের অস্ত্রের ব্যবহার দেখা গেছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে। অন্য কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

অন্যদিকে শাহিনুরকে আটকের বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শাহিনুর থানা হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে দুই নেতার অভিযোগ

রাতের সংঘর্ষের ঘটনার পর বুধবার (২৫ নভেম্বর) পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন ছাত্রদলের দুই নেতা ইমদাদুল হক ও সাফায়েত হোসেন।

বিকেলে রাজশাহী কলেজে সংবাদ সম্মেলনে সাফায়েত হোসেন অভিযোগ করেন, ইমদাদুল হকের পরিবারেই আওয়ামী লীগের সদস্য রয়েছেন। অথচ তিনি সাধারণ মানুষকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য আখ্যা দিয়ে ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। এ সময় তিনি ইমদাদুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগও করেন। তাঁর দাবি, চাঁদা দিলে সবকিছু ঠিক থাকে, আর না দিলে পুলিশে দেওয়া হয়।

অন্যদিকে পৃথক সংবাদ সম্মেলনে ইমদাদুল হক দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশি অস্ত্র ও ককটেল নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায় বলেও অভিযোগ করেন তিনি।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ইমদাদুল বলেন, ‘কেউ এ অভিযোগ প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করে নিজেকে আইনের কাছে সোপর্দ করব।’

দুই ছাত্রদল নেতার পদ দুই মাসের জন্য স্থগিত

এদিকে সংঘর্ষের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন এবং তাঁর অনুসারী আরেক যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেনের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বুধবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |

প্রতিনিধি: রাজশাহী প্রতিনিধি।

রাজশাহীতে ছাত্রদলের সংঘর্ষ রাজশাহী ছাত্রদল ইমদাদুল হক রাজশাহীতে গুলিবর্ষণ জাদুঘর মোড়ে সংঘর্ষ

আপনার মতামত লিখুন

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, দোকানে আগুন-গুলিবর্ষণ, আহত ১৫
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, দোকানে আগুন-গুলিবর্ষণ, আহত ১৫

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস