জনতার প্রেস

মৌসুমী ও তানিয়ার অপেক্ষায় ‘ট্রাইব্যুনাল’ টিম

চট্টগ্রামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। গত বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান খান। সে সময় নির্মাতা জানিয়েছিলেন, সিনেমার ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। মুক্তি দিতে চান ২০২৬ সালের কোনো এক ঈদে। তবে এ বছর দুই ঈদ পার হলেও পাওয়া যায়নি ট্রাইব্যুনাল সিনেমার কোনো আপডেট। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবর জানান তানিয়া বৃষ্টি। ইতিমধ্যে দেশ ও দেশের বাইরে দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। প্রস্তুতি নিচ্ছেন তৃতীয় অস্ত্রোপচারের। অন্যদিকে, গত শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম চরকির অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সহকর্মীদের চমকে দেন ট্রাইব্যুনাল সিনেমার আরেক অভিনেত্রী মৌসুমী হামিদ। ওই দিনই নিজের দ্বিতীয় বিয়ের খবর দেন তিনি। এমন পরিস্থিতিতে ট্রাইব্যুনালের ভবিষ্যৎ কী হবে—জানতে চাইলে নির্মাতা রায়হান খান জানালেন, আগামী মাসে শুরু করতে চান ট্রাইব্যুনালের বাকি অংশের শুটিং। তানিয়া ও মৌসুমীকে নিয়েই সাজাচ্ছেন পরিকল্পনা। তাঁরা শুটিংয়ে সময় দিতে পারলে তাঁদের নিয়েই চলবে শুটিং। তাঁরা শারীরিকভাবে ফিট না থাকলে তাঁদের অংশের শুটিং পরে করা হবে। এ বিষয়ে খোঁজ নিতে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে নির্মাতা রায়হান খান প্রথমেই জানান ট্রাইব্যুনাল আটকে থাকার কারণ। তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল একটি ইনডিপেনডেন্ট সিনেমা। যেহেতু এ ধরনের সিনেমায় নির্দিষ্ট প্রযোজক থাকেন না, তাই অনেক সময় বাজেট-সংক্রান্ত ইস্যু তৈরি হয়। এ ক্ষেত্রেও তেমনটা হয়েছে। এ ছাড়া তানিয়া বৃষ্টি অসুস্থ। সব মিলিয়ে শুটিং শেষ করা যায়নি। আগামী মাসে বাকি থাকা কাজ শুরুর ইচ্ছা আছে।’ তানিয়া বৃষ্টির অসুস্থতা ও মৌসুমী হামিদের মা হওয়ার প্রসঙ্গ তুলতেই নির্মাতা জানান, দুই অভিনেত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ আছে। শারীরিকভাবে ফিট থাকলেই তাঁরা দাঁড়াবেন ক্যামেরার সামনে। রায়হান খান বলেন, ‘তানিয়া বৃষ্টির খুব কম কাজ বাকি। এক দিন শুটিং করলেই ওর অংশের কাজ শেষ হবে। মৌসুমী হামিদেরও তাই। তানিয়াকে এখন একটু স্ট্যাবল লাগছে। আল্লাহর রহমতে এখন যেমন আছে, তেমন থাকলেও ক্যামেরার সামনে দাঁড়াতে পারবে। আর মৌসুমীর রয়েছে কোর্টরুমের অল্প কিছু দৃশ্য। সেখানে ওর সমস্যা হওয়ার কথা নয় এবং অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টিও বোঝা যাবে না। তবে তারা যদি স্বচ্ছন্দবোধ না করে, তাহলে আমরা অপেক্ষা করব। তাদের ছাড়া যে কাজ বাকি আছে, সেগুলো আগামী মাসে শেষ করে ফেলতে চাই। পরে ওদের দুজনের অংশ প্যাচওয়ার্ক হিসেবে করে ফেলব।’ রায়হান খান আরও বলেন, ‘তানিয়ার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। ওকে বলেছি, শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে যদি মনে হয়, সে ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো অবস্থায় আছে, তাহলেই সর্বোচ্চ নিরাপত্তা ও যত্নের মধ্য দিয়ে শুটিং করব। তা না হলে প্যাচওয়ার্ক হিসেবে পরে করব। কোনো ঝুঁকি নেওয়া যাবে না।’ ট্রাইব্যুনাল সিনেমায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, সাবেরী আলম, মিলন ভট্টাচার্য, শাহেদ আলী প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

মৌসুমী ও তানিয়ার অপেক্ষায় ‘ট্রাইব্যুনাল’ টিম