সেই স্কটল্যান্ডে ফিরছে ‘কুছ কুছ হোতা হ্যায়’
বিনোদন ডেস্কভারতীয় সিনেমার ইতিহাসে সৃষ্টিকারী চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ্যায়’। চিত্রনাট্যকার হিসেবে সফল হলেও পরিচালক হিসেবে এই সিনেমার মাধ্যমেই বলিপাড়ায় আত্মপ্রকাশ ঘটে করণ জোহরের। ছবিটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল ও রানী মুখার্জি।
শোনা যাচ্ছে, করণ জোহরের পরিচালিত এই সিনেমার মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে স্কটল্যান্ডে এডিনবরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইআইএফএফ) ছবিটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রোমান্টিক ব্লকবাস্টার ছবিটি ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল। সেই ঘটনার তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণ গ্রহণ করেছেন করণ জোহর।
‘ভ্যারাইটি’-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুর দিকে মুম্বাইয়ে জোহরের প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’-এ আয়োজিত এক বৈঠকে এই আমন্ত্রণ জানানো হয়। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি এবং ‘স্ক্রিন স্কটল্যান্ড’-এর অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক ডেভিড স্মিথ, জোহরের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের আলোচনার মূল উদ্দেশ্য ছিল স্কটল্যান্ড ও ভারতের চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পের মধ্যে সহযোগিতার সুযোগ খুঁজে বের করা।
আলোচনায় চিত্রগ্রহণের স্থান এবং প্রযোজনা সহযোগী হিসেবে স্কটল্যান্ডের সম্ভাবনা নিয়ে কথা হয়; বিশেষ করে যৌথ প্রযোজনা, প্রতিভাবানদের বিকাশ এবং সাংস্কৃতিক বিনিময়ের ওপর জোর দেওয়া হয়। জোহরের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে সুইনি জানান, এডিনবরায় সিনেমাটির ৩০তম বার্ষিকী উদযাপনের আমন্ত্রণ গ্রহণ করায় তিনি অত্যন্ত আনন্দিত।
তিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাটিকে এমন একটি চলচ্চিত্র হিসেবে বর্ণনা করেন, যা স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। তিনি আরও বলেন, জোহরকে এই শহরে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন তিনি। সুইনি ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে ভবিষ্যতের অংশীদারিত্বের ক্ষেত্রে স্কটল্যান্ডের অবকাঠামো, দক্ষতা এবং চিত্রগ্রহণের চমৎকার স্থানগুলোর ওপর আলোকপাত করেন।
‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাটিতে গল্পের এক পর্যায়ে রাহুলের ছোট মেয়ে তার বাবাকে কলেজের সেরা বন্ধু অঞ্জলির (কাজল অভিনীত) সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। সিনেমায় রাহুলের সাবেক স্ত্রী টিনার চরিত্রে অভিনয় করেছেন রানি মুখার্জি এবং অঞ্জলির বাগদত্তার ভূমিকায় দেখা গেছে সালমান খানকে। সিনেমাটির দৃশ্যসৌন্দর্যে স্কটল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর বেশ কিছু স্মরণীয় দৃশ্য স্কটল্যান্ডের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছিল। এসব স্থানের মধ্যে রয়েছে আইলান ডোনান ক্যাসেল, গ্লেন কো, ট্যান্টালন ক্যাসেল এবং ইঞ্চমাহোম প্রায়োরি।
এই চলচ্চিত্রে স্কটল্যান্ডের প্রাকৃতিক দৃশ্যের ব্যাপক ব্যবহার দেশটিকে মূলধারার ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী বন্ধনে আবদ্ধ করেছে। ‘এডিনবরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর প্রধান নির্বাহী ও উৎসব পরিচালক পল রিড জানিয়েছেন, ২০২৮ সালের উৎসবের কর্মসূচিতে তারা এই সিনেমাটিকে বিশেষভাবে উদযাপন করতে আগ্রহী।
তিনি এই আয়োজনের পরিকল্পনাকে একটি অত্যন্ত জনপ্রিয় বলিউড চলচ্চিত্রকে সম্মান জানানোর সুযোগ হিসেবে অভিহিত করেছেন। যদিও উৎসব কর্তৃপক্ষ এখনও ২০২৮ সালের আসরের তারিখ ঘোষণা করেনি। বার্ষিকী উদযাপনের আগে ১২ থেকে ১৮ আগস্ট, ২০২৭ পর্যন্ত এডিনবরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইআইএফএফ)-এর ৮০তম আসর অনুষ্ঠিত হবে। জানুয়ারি মাস থেকে চলচ্চিত্র জমা নেওয়া শুরু হবে এবং আগামী মাসগুলোতে উৎসবের কর্মসূচির বিস্তারিত তথ্য জানানো হবে।
২০২৮ সালের পরিকল্পিত প্রদর্শনীটি উৎসবের ৮১তম আসরের অংশ হবে। ‘স্ক্রিন স্কটল্যান্ড’-এর সহায়তায় রিড এবং উৎসব প্রযোজক এমা বোয়া-এর উদ্যোগে ২০২৪ সালে ইআইএফএফ-কে পুনরায় চালু করা হয়।