‘বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে এখন দায়িত্বহীন আচরণ করছে ১১-দলীয় জোট’
বগুড়া প্রতিনিধি | জনতার প্রেসবেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর এখন বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস। এ অবস্থায় বিরোধী দলের পক্ষ থেকে এক দফা দাবির কথা বলা হাস্যকর।শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নিজের নির্বাচনী এলাকার দুর্গাপূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সরকারকে সহযোগিতা করার আহ্বানমীর শাহে আলম বলেন, জনগণের সরকার হিসেবে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। দেশের স্বার্থে বিরোধী দলের উচিত সরকারকে সহযোগিতা করা। সরকারের বয়স মাত্র ছয় মাস হওয়ার পরও এক দফা দাবিতে বিরোধী দলের অবস্থানকে তিনি দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন।
ধর্মীয় সম্প্রীতি ও সমান অধিকারে বিশ্বাস করে বিএনপিপ্রতিমন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের অত্যন্ত আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ করে না। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে।তিনি আরও বলেন, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছেন। একই সঙ্গে বিএনপিও প্রমাণ করেছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের আপনজন।শারদীয় দুর্গাপূজা সারা দেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে বলেও জানান তিনি। তাঁদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
ভোটাধিকার নিয়ে যা বললেন প্রতিমন্ত্রীমীর শাহে আলম বলেন, অতীতে একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজেদের রাজনৈতিক সম্পদ মনে করত। তবে গত নির্বাচনে ভোটের মাধ্যমে তাঁরা প্রমাণ করেছেন, কোনো রাজনৈতিক দলের প্রতি তাঁদের দাসত্ব নেই। নিজেদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার তাঁদের রয়েছে।হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে আত্মার আত্মীয় হিসেবে থাকতে চান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।
৬৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদানঅনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাঁর নিজস্ব তহবিল থেকে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি দুর্গাপূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ করেন।দুর্গাপূজা আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।