সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, ৩ শতাধিক সদস্যের তল্লাশি
চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীদের গ্রেপ্তার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলিনগর, নবীনগর, ওসমানের ঘোনাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।অভিযানে পুলিশ, বিজিবি, এসআরবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন শতাধিক সদস্য অংশ নেন। তবে প্রায় তিন ঘণ্টাব্যাপী তল্লাশি অভিযান চালিয়েও কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। এ সময় স্থানীয়দের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার পাশাপাশি অপরাধ ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারে, জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় কিছু অপরাধী ও সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে পারে। এ তথ্যের ভিত্তিতে সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধে পাহাড়ি এলাকায় সমন্বিত টহল ও অভিযান জোরদার করা হয়।অভিযানের অংশ হিসেবে বিভিন্ন পাহাড়ি ঘরবাড়ি ও স্থাপনা, আশপাশের পরিত্যক্ত স্থান এবং সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানো হয়। একই সঙ্গে সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও অবস্থান যাচাই-বাছাই করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, এ ধরনের অভিযান পরিচালনার অন্যতম উদ্দেশ্য হলো অপরাধীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ প্রতিরোধ করা, নাশকতার সম্ভাব্য প্রস্তুতি নস্যাৎ করা এবং অপরাধ সংঘটনের অনুকূল পরিবেশ তৈরি হতে না দেওয়া।তিনি বলেন, “অপরাধীদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।”অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়। পাশাপাশি অপরাধ, অপরাধীদের চলাচল কিংবা কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য স্থানীয়দের উৎসাহিত করা হয়।পুলিশ জানিয়েছে, জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধ ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।