ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হয়। পরে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৪ জন সংসদ সদস্য ও মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করা হয়। শোকপ্রস্তাবের পর তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।এ ছাড়া নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণেও সংসদে শোকপ্রস্তাব তোলা হয়। শোকপ্রস্তাব গ্রহণের পর নিহতদের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ।চলতি অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁরা হলেন—ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম-১৩ আসনের সারওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের ব্যারিস্টার নওসাদ জামিল, সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনি এবং রাজশাহী-১ আসনের মুজিবুর রহমান।সংসদের বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতার ভিত্তিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অধিবেশন পরিচালনা করবেন।নতুন এই অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা, প্রশ্নোত্তর এবং আইন প্রণয়নসহ সংসদীয় কার্যক্রম চলবে।