ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত নিয়ে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’। সংগঠনটি এ ঘটনায় ‘মিথ্যাচারের’ অভিযোগ তুলে বিভাগীয় কমিশনার, হাসপাতালের পরিচালক ও উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছে।একই সঙ্গে প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বাতিল করে উচ্চক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারের জন্য সরকারি কোষাগার থেকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। হাসপাতালের অব্যবস্থাপনা দূর করা এবং অগ্নিকাণ্ডে হতাহত নিয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।সমাবেশে ময়মনসিংহ মঞ্চের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের পর প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে কেউ নিহত বা আহত হননি বলে বক্তব্য দিয়েছিলেন। পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রতিবেদনে হতাহত হওয়ার তথ্য সামনে আসে বলে দাবি করেন তিনি।ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সত্যকে ধামাচাপা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এই নৈতিক স্খলনের দায়ে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ময়মনসিংহ থেকে অপসারণ করতে হবে।’তিনি নিহতদের প্রত্যেক পরিবারের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এক কোটি টাকা করে অনুদান এবং আহত ব্যক্তিদের বিনা মূল্যে বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা দ্রুত দূর করার আহ্বান জানান তিনি।অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের সিঁড়িগুলো বন্ধ থাকার বিষয়েও প্রশ্ন তোলেন ময়মনসিংহ মঞ্চের এই সমন্বয়ক। তাঁর দাবি, ঘটনার দিন একটি সিঁড়ি খোলা থাকলেও অন্য চারটি সিঁড়ি তালাবদ্ধ ছিল। আগুন লাগার পর রোগী ও স্বজনেরা ওই একটি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে তিনি অভিযোগ করেন।তদন্ত প্রসঙ্গে ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমরা কোনো প্রশাসনিক তদন্ত কমিটি মানি না। উচ্চক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। অগ্নিকাণ্ডে কতজন নিহত ও আহত হয়েছেন, তার সঠিক তথ্য জনগণের সামনে প্রকাশ করতে হবে।’যেভাবে আগুনের সূত্রপাতগত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটতলা ভবনের ১১ নম্বর লিফটে আগুন লাগার ঘটনা ঘটে। এতে লিফটের বাইরের অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।আগুন লাগার পর হাসপাতালের বিভিন্ন তলা থেকে রোগী ও স্বজনেরা আতঙ্কে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হওয়ার তথ্য সামনে আসে।ঘটনাটি নিয়ে চারজনের মৃত্যুর তথ্য প্রকাশ্যে এলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে দুজন আগুনের আতঙ্কে আহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত হতাহত সংখ্যা, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা এবং ঘটনার সময় সিঁড়িগুলোর ব্যবহারের সুযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা স্পষ্ট করার দাবি জানিয়েছে ময়মনসিংহ মঞ্চ।