জনতার প্রেস

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের কর্মসূচি, ঐক্যবদ্ধ জাতি গঠনে কাজ করছে সরকার: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধিঃফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় জাতি আজ ঐক্যবদ্ধ। তবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন রাশেদ খান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জীবনমানের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। বিএনপি জনগণের সরকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সরকার।রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছে। ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে তারা এ দেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না। দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।’এ সময় ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, তারেক রহমান একটি সুখী-সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে যেসব পরিকল্পনা সামনে নিয়ে আসছেন, তা প্রশংসনীয়। এসব পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন রাশেদ খান।এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সূত্র: বাসস

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের কর্মসূচি, ঐক্যবদ্ধ জাতি গঠনে কাজ করছে সরকার: রাশেদ খান