কাউনিয়ায় আগুনে পুড়ল ক্রোকারিজ ও খেলনার দুই গুদাম, ক্ষতি ১৫ লাখ টাকা
জনতার প্রেস | রংপুর প্রতিনিধিরংপুরের কাউনিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ক্রোকারিজ ও প্লাস্টিকের খেলনাসামগ্রী রাখা দুটি গুদাম পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার হারাগাছ পৌর শহরের দালালহাট বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গুদাম দুটিতে থাকা সব মালামাল পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজমুল হোসেন জানান, গুদাম থেকে কিছুটা দূরে দালালহাট সেতুর পাশে একটি দোকানঘরে তিনি মালামাল বিক্রি করছিলেন। দুপুর দেড়টার দিকে স্থানীয় এক পথচারী তাঁর ক্রোকারিজের গুদামের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। পরে কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।পথচারীর চিৎকার শুনে নাজমুল হোসেন ও বাজারের অন্য লোকজন বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত পাশের গুদামেও ছড়িয়ে পড়ে। এতে দুটি গুদামে থাকা ক্রোকারিজ ও প্লাস্টিকের খেলনাসামগ্রী পুড়ে যায়।
পরিকল্পিতভাবে আগুন দেওয়ার সন্দেহ ব্যবসায়ীরনাজমুল হোসেন বলেন, দুপুর সোয়া একটার দিকে তাঁর দুই কর্মচারী এক ক্রেতার জন্য গুদাম থেকে ক্রোকারিজের মালামাল দোকানে নিয়ে আসেন। এর কিছু সময় পরই আগুন লাগার ঘটনা ঘটে।তিনি দাবি করেন, গুদামে বিদ্যুতের সংযোগ ছিল না। তাঁর ধারণা, শত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে জ্বলন্ত সিগারেট গুদামের ভেতরে ফেলে দিতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।বাজারের কয়েকজন দোকানদার জানান, আগুন লাগার পর স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গুদাম দুটির মালামাল পুড়ে যায়।
তদন্তের পর জানা যাবে আগুনের কারণহারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তিনি আরও জানান, তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।