ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, নিউইয়র্কের পথে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন তিনি।সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী তুর্কি এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যায়।ইস্তাম্বুলে প্রায় দুই ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ফ্লাইটটির নিউইয়র্কের উদ্দেশে ফের উড্ডয়নের কথা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, নিউইয়র্ক স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।৩৫ সদস্যের সফরসঙ্গী দলপ্রধানমন্ত্রীর এই যুক্তরাষ্ট্র সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সব মিলিয়ে সফরসঙ্গী হিসেবে রয়েছেন ৩৫ জন।সফরসঙ্গীদের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী রয়েছেন ১৫ জন। এ ছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কর্মকর্তারাও দলে রয়েছেন।নিউইয়র্কে স্বাগত জানাবেন বাংলাদেশের কূটনীতিকরানিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে নেওয়া হবে। সফরকালে তিনি ওই হোটেলেই অবস্থান করবেন।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে পারেন।