অমাবস্যার অন্ধকারকে কাজে লাগিয়ে ইরানে হামলার ছক, কঠোর বার্তা ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯ নভেম্বর অমাবস্যার কারণে মধ্যপ্রাচ্যের রাতের আকাশে চাঁদের আলো কম থাকার বিষয়টিকেও সম্ভাব্য সামরিক অভিযান শুরুর অনুকূল সময় হিসেবে বিবেচনা করছেন মার্কিন প্রশাসনের কর্মকর্তারা।
ফক্স নিউজকে দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভাষ্য, আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা থাকবে। এ সময় রাতের আকাশে চাঁদের আলো খুব কম থাকবে, কোনো কোনো স্থানে তা একেবারেই দেখা যাবে না। রাতের এমন অন্ধকার পরিস্থিতি সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে কৌশলগত সুবিধা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানান ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র। সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। আপনারা খুব দ্রুতই তা জানতে পারবেন।’
সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের বিকল্প হিসেবে তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা একটি সিদ্ধান্ত নেব যে, আমরা কি আরও এগিয়ে গিয়ে বিষয়টিকে এমনভাবে নিশ্চিত (সার্টিফাই) করতে চাই, যাতে এটি আর কখনোই না ঘটে?’
ইরানের পুনর্গঠন নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ধারণা, দেশটিকে আবার গড়ে তুলতে ইরানের ২৫ বছর সময় লাগতে পারে। সূত্র: গালফ নিউজ ও টাইমস অব ইসরায়েল।