জনতার প্রেস

নরসিংদীতে যুবদল নেতাকে হত্যার হুমকি, বাড়ির ফটকে কাফনের কাপড় ও চিরকুট

নিজস্ব প্রতিবেদক, নরসিংদীনরসিংদীর সদর উপজেলায় এক যুবদল নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী না হতে ওই নেতাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার আমদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনের (৫০) বাড়ির ফটকের সামনে এসব জিনিস পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে আলামতগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।মোবারক হোসেন উপজেলার আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।মোবারক হোসেন জানান, ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ফোন করে তাঁকে জানানো হয়, বাড়ির পাশে একটি শপিং ব্যাগ রেখে গেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। পরে স্থানীয় দলীয় নেতাদের পাশাপাশি পুলিশকে বিষয়টি জানানো হয়।তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে শপিং ব্যাগটি খুললে এর ভেতরে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট পাওয়া যায়।মোবারক হোসেনের অভিযোগ, চিরকুটে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে আসন্ন ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে যেন তিনি প্রার্থী না হন, সে বিষয়ে হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া চিরকুটে উল্লেখ করা বিষয়টি কাউকে জানালে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।এ ঘটনায় তিনি মাধবদী থানায় একটি অভিযোগ দিয়েছেন।মোবারক হোসেন বলেন, ‘ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিজের নিরাপত্তা চাই।’ঘটনার পর মোবারক হোসেনের বাড়িতে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের ভিড় দেখা যায়।আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, কে বা কারা চিরকুট লিখে মোবারক হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পরপরই মোবারক হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত থানায় আনা হয়েছে। এ ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীতে যুবদল নেতাকে হত্যার হুমকি, বাড়ির ফটকে কাফনের কাপড় ও চিরকুট