শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে যা জানাল দিল্লির বাংলাদেশ হাইকমিশন
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তবে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে এ বিষয়ে একটি ই-মেইল পাওয়ার কথা স্বীকার করেছে হাইকমিশন।সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো একটি ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। তবে এই অনুরোধের সত্যতা সম্পর্কে নিশ্চিত নয় হাইকমিশন। এমনকি অনুরোধটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না, তা যাচাই করারও কোনো উপায় নেই বলে উল্লেখ করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না।হাইকমিশন জানায়, ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।