জনতার প্রেস

বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন-২০২৬ উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদানের প্রস্তাব করা হলেও এর চেয়ে ১ কোটি টাকা বাড়িয়ে অনুদান অনুমোদন করেছেন তিনি।সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে প্রধানমন্ত্রী ৩ কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন-২০২৬’ উদযাপন উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপে জানানো হয়, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান চাওয়া হয়।সারসংক্ষেপে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে ২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। তবে প্রস্তাবিত অর্থের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর এ অনুমোদনের ফলে বড়দিন উদযাপন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত ১ কোটি টাকা বরাদ্দের সুযোগ তৈরি হলো।

 বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রীর