জনতার প্রেস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভোলার ভূমি কর্মকর্তাকে বিভাগীয় কার্যালয়ে বদলি

জনতার প্রেস | ভোলা প্রতিনিধিভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমানের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনারের আদেশক্রমে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মো. মেহেদী হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।এর আগে গত সোমবার সবুজ মোসলমান নামের স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বজলুর রহমানের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বুধবার ‘আজকের পত্রিকা’য় ‘প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ ও ভিডিও প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বদলির আদেশবরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মো. মেহেদী হাসান বুধবার বিকেলে বলেন, সাচড়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর বিভাগীয় কমিশনারের নির্দেশে তাঁকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন বলেন, বজলুর রহমানকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান থাকবে। আগেও দুর্নীতি ও অনিয়মের অভিযোগএদিকে, একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বজলুর রহমানের বিরুদ্ধে এর আগেও দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছিল। এসব অভিযোগের পর তাঁকে একাধিকবার বদলি করা হয়েছিল বলেও সূত্রগুলো জানিয়েছে।তবে আগের অভিযোগগুলোর বিষয়ে কী ধরনের তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভোলার ভূমি কর্মকর্তাকে বিভাগীয় কার্যালয়ে বদলি