বিয়ের বিষয়টা উড়িয়ে দিলেন প্রভাব বললেন পুরোটাই গুঞ্জন
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন ছবি, আবেগঘন পোস্ট ও রহস্যময় ক্যাপশনকে ঘিরে মাঝেমধ্যেই প্রেম ও বিয়ে নিয়ে আলোচনা তৈরি হয়। এবারও নতুন করে তার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সি এক যুবককে বিয়ে করেছেন প্রভা। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে অভিনেত্রী নিজেই গণমাধ্যমে তার বিয়ের খবর অস্বীকার করেছেন। একই সঙ্গে তৃতীয় বিয়ের বিষয়টিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।গত কয়েক মাসে প্রভার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হয়েছে। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের পাশাপাশি বিভিন্ন দেশে ভ্রমণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রকাশ করা কিছু ছবি ও পোস্ট এসব আলোচনাকে আরও উসকে দেয়।চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন প্রভা। পরে হাতে ফুল ও অনামিকায় হীরার আংটি পরা আরেকটি ছবি প্রকাশ করলে তার বাগদান নিয়ে গুঞ্জন শুরু হয়।এর আগে জানুয়ারিতে এক ফেসবুক লাইভে বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। সেখানে নিজের ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের সমালোচনা করে তিনি জানান, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। জীবনে যা ঘটার, তা যথাসময়েই ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।এরপর জুনে এক ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন প্রভা। কোনো পুরুষ নিজের দাম্পত্য জীবন নিয়ে অসুখী হওয়ার দাবি করলে কিংবা শুধু সন্তানের কথা ভেবে স্ত্রীর সঙ্গে থাকার কথা বললে তার কথায় বিশ্বাস না করার পরামর্শ দেন তিনি।ওই সময় একজন জনপ্রিয় সেলিব্রিটি কার রিভিউয়ারের সঙ্গে প্রভার প্রেমের গুঞ্জনও আলোচনায় আসে। যদিও সম্পর্কের বিষয়টি কখনো প্রকাশ্যে নিশ্চিত করেননি অভিনেত্রী।জুনে নেপাল ভ্রমণের সময় প্রভার কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে। একটি ছবিতে ‘আই লাভ ইউ’ লেখা বেলুনের সামনে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে এক পুরুষের হাতের দিকে নিজের হাত বাড়িয়ে রাখতে দেখা যায়। ওই ছবিতে ‘আই লাভ ইউ টু’ লেখা ছিল। পরে ছবিটি সরিয়ে নেন প্রভা। তবে ওই ব্যক্তির পরিচয় বা তার সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনো তথ্য দেননি তিনি।গত ৩১ জুলাইও একটি আবেগঘন পোস্ট দেন প্রভা। সেখানে তিনি লেখেন, ‘এখনো তোমাকে ছাড়া দিন কাটছে এবং আবার দেখা হওয়ার দিন গুনছি।’ তবে সেখানে ‘তুমি’ বলতে কাকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেননি অভিনেত্রী।এসব ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও প্রভার বক্তব্যে আপাতত সেই গুঞ্জনের অবসান ঘটেছে। অভিনেত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, তার তৃতীয় বিয়ের খবর সত্য নয়; পুরো বিষয়টি গুঞ্জব।