যমুনা সেতুতে হারমোনিয়ামের ভেতর মিলল ২ পিস্তল, মুন্সীগঞ্জে ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
জনতার প্রেস | টাঙ্গাইল প্রতিনিধিটাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি পুরোনো ভাঙা হারমোনিয়ামের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মো. বারেক ব্যাপারী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিরোলই এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় ময়মনসিংহের আকুয়া বাইপাসে এসআরবি-১৪-এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।এসআরবি জানায়, বুধবার রাত ২টা ১০ মিনিটে এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল যমুনা সেতু পূর্ব থানার পূর্ব গোলচত্বর-সংলগ্ন সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী লেনে বিশেষ তল্লাশিচৌকি স্থাপন করে। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রিয়াজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় এক যাত্রীর কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন অভিযানকারীরা। পরে তাঁর দেখানো মতে বাসের বক্সে রাখা ব্যক্তিগত মালামালের মধ্যে একটি পুরোনো ভাঙা হারমোনিয়ামের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড সচল গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় পাবনা জেলার বাসিন্দা মো. বারেক ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।বারেকের তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জে অভিযানএসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, উদ্ধার করা অস্ত্র দুটি মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে নিয়ে যাচ্ছিলেন তিনি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এসআরবি-১১-এর সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বুধবার সকাল ৭টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার শিরোলই এলাকায় সুজন বেপারীর বাসায় অভিযান চালায়।অভিযানে সুজন হোসেন বেপারী (৩২) ও তাঁর বড় ভাই মনির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দুটি ম্যাগাজিন এবং নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।এসআরবির ভাষ্য, উদ্ধার করা নগদ অর্থ অস্ত্র বিক্রির টাকা।দুই অভিযানে উদ্ধার ৩ পিস্তল, ১১ রাউন্ড গুলিপ্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দুই অভিযানে মোট তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড সচল গুলি, চারটি ম্যাগাজিন, তিনটি স্মার্টফোন এবং নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনার মো. বারেক ব্যাপারী (৪৯), মুন্সীগঞ্জের সুজন হোসেন বেপারী (৩২) এবং মনির হোসেন (৪৫)।এসআরবি-১৪-এর অধিনায়ক মাসুদ রানা জানান, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালনের অংশ হিসেবে টাঙ্গাইল ক্যাম্পের সদস্যরা যমুনা সেতু পূর্ব এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীর সঙ্গে থাকা হারমোনিয়ামের ভেতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।তিনি আরও জানান, বারেকের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা এবং মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য মেলেনিসাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ রানা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।উদ্ধার করা অস্ত্রের উৎস, সরবরাহের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিরা এবং অস্ত্রগুলোর চূড়ান্ত গন্তব্য সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে মামলার তদন্তের অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।এসআরবি জানিয়েছে, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাসবাদ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।