খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, ভিডিও ভাইরাল
বরিশালের উজিরপুরে দীর্ঘদিনের আবর্জনাভর্তি খাল পরিষ্কারের অভিযানে স্বেচ্ছাসেবীদের সঙ্গে সরাসরি অংশ নিয়ে আলোচনায় এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে একপর্যায়ে কাদায় আটকে যান তিনি। পরে পাশে থাকা স্বেচ্ছাসেবীরা তাকে টেনে তুলে সহযোগিতা করেন। এরপরও দমে না গিয়ে আবারও খাল পরিষ্কারের কাজে নেমে পড়েন ইউএনও। তাঁর এমন উদ্যোগে উৎসাহিত হয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরাও।শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশালের উজিরপুর উপজেলা পরিষদসংলগ্ন প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি খালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ইউএনওর কাদায় আটকে যাওয়ার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ইউএনও মো. আলী সুজা, শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় তরুণ-তরুণী ও যুবসমাজের সদস্যরা।পাঁচ ঘণ্টার এ স্বেচ্ছাশ্রমে খাল থেকে অপসারণ করা হয় কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য। এতে ধীরে ধীরে খালটির স্বাভাবিক রূপ ফিরে আসতে শুরু করে।তবে পুরো কর্মসূচিতে সবচেয়ে বেশি আলোচনায় আসে ইউএনওর সরাসরি অংশগ্রহণ। বিডি ক্লিনের টি-শার্ট পরে অন্য স্বেচ্ছাসেবীদের সঙ্গে তিনিও খালে নেমে ময়লা পরিষ্কারে অংশ নেন। একপর্যায়ে কাদায় আটকে গেলে স্বেচ্ছাসেবীরা তাকে টেনে তুলে সহযোগিতা করেন। কিছুক্ষণ পর আবারও পরিচ্ছন্নতার কাজে যোগ দেন তিনি।বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক জাহেদ ইরফান বলেন, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার আহ্বানে দীর্ঘদিনের অপরিচ্ছন্ন খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় তরুণ-তরুণীসহ শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে কর্মসূচিটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বিশেষ করে ইউএনও নিজে স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করায় সবাই আরও উৎসাহিত হয়েছেন।ইউএনও মো. আলী সুজা বলেন, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ খালের পাশের বাসিন্দাদের ফেলে দেওয়া বিভিন্ন ধরনের বর্জ্যে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেরা স্বেচ্ছাশ্রমে উদ্যোগী হলে সমাজের অনেক সমস্যার সমাধান করা সম্ভব। এ পরিচ্ছন্নতা অভিযান তারই একটি উদাহরণ।জনতার প্রেস | জনস্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ।