জনতার প্রেস

বরিশালে ফুটবল ম্যাচে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড়, নাইজেরিয়ান ফুটবলারকে মারধর

জনতার প্রেস | বরিশালবরিশালে ‘বিসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর প্রথম সেমিফাইনালে এক বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় মারার ঘটনাকে কেন্দ্র করে নাইজেরিয়ার এক ফুটবলারকে মারধর করেছেন ক্ষুব্ধ দর্শকরা। খেলোয়াড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি থেকে শুরু হওয়া উত্তেজনা একপর্যায়ে গ্যালারি থেকে দর্শকদের মাঠে নেমে আসার ঘটনায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মাত্র ৩০ সেকেন্ড আগে ম্যাচটি বন্ধ হয়ে যায়।বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল নগরীর কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।খেলা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ‘শহীদ জিয়া সড়ক একাদশ’ ও ‘শেরে বাংলা সড়ক একাদশ’। ম্যাচের প্রথমার্ধে একটি গোল করে এগিয়ে যায় শহীদ জিয়া সড়ক একাদশ। তবে দ্বিতীয়ার্ধে পরপর দুটি গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় শেরে বাংলা সড়ক একাদশ।ম্যাচের নির্ধারিত সময় শেষ হতে যখন মাত্র ৩০ সেকেন্ড বাকি, তখন দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে শহীদ জিয়া সড়ক একাদশের চার নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় ইডেন প্রতিপক্ষ দলের সাত নম্বর জার্সিধারী রাব্বিকে শরীর দিয়ে তুলে সজোরে মাটিতে আছাড় মারেন।এ ঘটনা দেখে গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ দর্শকরা মাঠে ঢুকে ইডেনের ওপর চড়াও হন এবং তাঁকে মারধর করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য, টুর্নামেন্টের আয়োজক ও স্থানীয় ক্রীড়া কর্মকর্তারা দ্রুত এগিয়ে আসেন। পরে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নাইজেরিয়ান খেলোয়াড়কে নিজেদের হেফাজতে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন।বরিশাল রেফারি সমিতির সহসভাপতি মাকসুদ আলম বেগ জানান, সংঘর্ষের পর মাঠের পরিস্থিতি শান্ত হলেও পর্যাপ্ত আলোর অভাবে বাকি কয়েক সেকেন্ডের খেলা আর চালানো সম্ভব হয়নি। খেলা বন্ধ হওয়ার সময় শেরে বাংলা সড়ক একাদশ ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচের চূড়ান্ত ফলাফল ও পরবর্তী করণীয় সম্পর্কে টুর্নামেন্ট কমিটি সিদ্ধান্ত নেবে।এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মাঠে খেলোয়াড়দের মধ্যে সংঘাতের জেরে ক্ষুব্ধ দর্শকরা মাঠে নেমে বিদেশি খেলোয়াড়ের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।খেলার শেষ মুহূর্তে সংঘটিত এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় সেমিফাইনাল ম্যাচের পরিণতি অনিশ্চিত হয়ে পড়েছে। এখন টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

বরিশালে ফুটবল ম্যাচে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড়, নাইজেরিয়ান ফুটবলারকে মারধর