জনতার প্রেস

সমকাল সাংবাদিক পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ৫টি চিঠি উদ্ধার

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর (নাম) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচটি পৃথক চিঠি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত ৯টার দিকে মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জী তার স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ্যাটার্জী, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক সুমন চৌধুরী এবং প্রশাসনের উদ্দেশ্যে পৃথক পাঁচটি চিঠি লিখে গেছেন।প্রশাসনের উদ্দেশ্যে লেখা চিঠিতে পুলক তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা, চিকিৎসা নেওয়া এবং অসুস্থতার কারণে স্বাভাবিক জীবনযাপনে নানা প্রতিবন্ধকতার কথাও তিনি লিখেছেন। একই সঙ্গে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করেন।স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি তাদের কাছে ক্ষমা চেয়েছেন এবং মেয়ের পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার কথা বলেছেন।বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের উদ্দেশ্যে লেখা চিঠিতে পুলক তাদের দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতির কথা উল্লেখ করেন। পাশাপাশি তার স্ত্রী ও মেয়ের খোঁজখবর রাখার অনুরোধ করেন।ছোট ভাই দীপক চ্যাটার্জী ও তার স্ত্রী ইতির উদ্দেশ্যে লেখা চিঠিতে স্ত্রী ও মেয়ের দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন পুলক। অন্যদিকে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি প্রায় দেড় যুগ একসঙ্গে কাজ করার কথা উল্লেখ করে কোনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান এবং তার পাওনা অর্থ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ সমকাল কার্যালয়ে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি চিঠি পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।পুলক চ্যাটার্জী দীর্ঘদিন দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে। মাঝে মধ্যে তিনি সমকাল কার্যালয়ে এসে বসতেন।পুলক চ্যাটার্জী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ছিলেন।

সমকাল সাংবাদিক পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ৫টি চিঠি উদ্ধার