জনতার প্রেস

দক্ষিণাঞ্চলে রবি ফসলের আবাদ বাড়াতে বিনা ধান-২৬ সম্প্রসারণের উদ্যোগ

দক্ষিণাঞ্চলে শস্যনিবিড়তা বৃদ্ধি এবং রবি ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে বরিশালে বিনা ধান-২৬-এর মাঠদিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। স্বল্পমেয়াদি ও উচ্চ ফলনশীল এ ধানের জাত আমন মৌসুমে চাষের মাধ্যমে দ্রুত ফসল ঘরে তোলা সম্ভব। এতে আমন ধান কাটার পর একই জমিতে সরিষাসহ অন্যান্য রবি ফসল আবাদের সুযোগ তৈরি হবে।বুধবার (তারিখ) বিকেল ৪টায় বরিশাল সদর উপজেলার হিজলতলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এ মাঠদিবসের আয়োজন করা হয়। এতে স্থানীয় ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম এবং বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান তাওহিদ।বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল মনির। এ সময় বক্তব্য দেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বিনার ফার্ম ম্যানেজার মৃনাল কুমার শীল, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুল রহমান ও কৃষক সোহরাব মল্লিক।প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন ১৮ কোটি মানুষের খাদ্যচাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির লক্ষ্যেও দানাশস্যসহ অন্যান্য ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে হবে।তিনি বলেন, বিনা ধান-২৬ স্বল্পমেয়াদি ও উচ্চ ফলনশীল একটি জাত। আমন মৌসুমে এ ধান চাষ করে দ্রুত কর্তন করা সম্ভব। ফলে আমন ধান কাটার পর দক্ষিণাঞ্চলের কৃষকেরা একই জমিতে সরিষাসহ বিভিন্ন রবি ফসল আবাদ করতে পারবেন। এতে জমির শস্যনিবিড়তা বাড়ার পাশাপাশি কৃষকের আয় ও আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।সভাপতির বক্তব্যে ড. ছয়েমা খাতুন বলেন, দক্ষিণাঞ্চলে বিনা ধান-২৬-এর আবাদ সম্প্রসারণের লক্ষ্যে এবার ৮০ জন কৃষককে প্রদর্শনী দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে এক বিঘা জমিতে চাষের জন্য পাঁচ কেজি করে বীজ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় রাসায়নিক সারও বিতরণ করা হয়েছে।তিনি আরও জানান, এ উদ্যোগের আওতায় অতিরিক্ত ১ হাজার ২০০ কৃষকের মধ্যে মোট ৬ টন বীজ সহায়তা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলে বিনা ধান-২৬-এর আবাদ সম্প্রসারণ এবং একই জমিতে একাধিক ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

দক্ষিণাঞ্চলে রবি ফসলের আবাদ বাড়াতে বিনা ধান-২৬ সম্প্রসারণের উদ্যোগ