জনতার প্রেস

বদলির দুইদিন পেরিয়ে গেলেও থানা ছাড়তে নারাজ ওসি

বদলির আদেশের দুই দিন পেরিয়ে গেলেও দায়িত্ব হস্তান্তরে অস্বীকৃতির অভিযোগ উঠেছে নওগাঁর সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের বিরুদ্ধে। দায়িত্ব হস্তান্তর না হওয়ায় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদ শূন্য থাকায় থমকে গেছে পুরো থানার নিরাপত্তা, প্রশাসনিক ও আইনি কার্যক্রম।  বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নতুন কোনো কর্মকর্তা দায়িত্বে না বসায় থানায় জরুরি সেবা নিতে আসা সাধারণ মানুষরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের ওসি মিজানুর রহমানকে জয়পুরহাট জেলায় বদলি করা হলেও তিনি সদ্য যোগদানকৃত নতুন ওসি শাহীন রেজাকে এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেননি। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ৬ সেপ্টেম্বর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মিজানুর রহমানকে জনস্বার্থে জয়পুরহাটে বদলি করা হয়। আদেশের দুইদিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান করেননি তিনি। আরেক আদেশে ৮ সেপ্টেম্বর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহিন রেজাকে সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করেন। নতুন ওসি শাহীন রেজা গতকাল থেকে থানায় থাকলেও বুঝিয়ে দেওয়া হচ্ছে না তার দায়িত্ব। দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় বর্তমানে থানায় প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। ওসি না থাকায় থানায় নতুন মামলা দায়ের, সাধারণ ডায়েরি (জিডি), পুলিশ ক্লিয়ারেন্সসহ অন্যান্য আইনি ও জরুরি সেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কোনো সমাধান না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। সাপাহারের গাঞ্জাকুড়ি গ্রামের ষাটোর্ধ আবুল কালাম আজাদ বলেন, আমি সকাল নয়টা থেকে থানায় বসে আছি। বিকেল হয়ে গেল। ওসি নাই বলে কাজ হচ্ছে না। এভাবে চলতে থাকলে আমরা চরম ভোগান্তিতে পড়বো।  সাপাহার পুরাতন মুহুরি পট্টি এলাকার শিক্ষার্থী জারিফ বলেন, সকাল ১০টায় জিডি করার জন্য এসেছি এখন ২টা পর্যন্ত বসে আছি। থানার অবস্থা থমথমে। পুরাতন ওসি নতুন ওসিকে দায়িত্ব বুঝিয়ে দেয়নি। এটা কেমন কথা। এটা ছোট বাচ্চাদের মতো আচরণ।  এ বিষয়ে জানতে পুরনো ওসি মিজানুর রহমানের মোবাইলে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।   নতুন যোগদান করতে আসা ওসি শাহীন রেজা বলেন, থানার চার্জ এখনও বুঝে পাইনি। আমি কাল থেকে থানায় আছি। এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন অফিসের আদেশে ওসি মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। নতুন করে সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আরেক জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রাতেই তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারপরও তিনি সেটি শুনছেন না। 

বদলির দুইদিন পেরিয়ে গেলেও থানা ছাড়তে নারাজ ওসি