জনতার প্রেস

হাত ক্রস করে কী বোঝাতে চেয়েছিলেন মিসর কোচ

আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে হারের পর রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অভিযোগের আঙুল তুলেছে মিসর। বিতর্কিত সেই ম্যাচে প্রতিবাদ করে আলোচনায় এসেছেন দলটির কোচ হোসাম হাসান। তাঁর একটি অঙ্গভঙ্গি নিয়ে জোর আলোচনা হচ্ছে। নাটকীয়তার পর সেই ম্যাচে ৩-২ গোলে হেরে যায় মিসর। ম্যাচের শেষ দিকে হোসাম দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতির ভঙ্গি করেন। যা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই জানতে চান, এই অঙ্গভঙ্গির প্রকৃত অর্থ কী। শেষ মুহূর্তে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের সঙ্গে তর্কের সময় হোসাম দুই হাত বুকের সামনে ক্রস করে ‘এক্স’ চিহ্ন দেখান। শুরুতে অনেকে এটাকে প্রতিবাদ কিংবা আবেগপ্রসূত কোনো প্রতিক্রিয়া মনে করলেও, এটা আসলে ফিফার নির্ধারিত বৈষম্যবিরোধী প্রোটোকলের একটি সংকেত। ফিফার নিয়ম অনুযায়ী, এক্স আকৃতির ভঙ্গি মাঠে সম্ভাব্য বর্ণবাদ বা বৈষম্যের ঘটনার অভিযোগ জানাতে ব্যবহার করা হয়। কোনো খেলোয়াড়, কোচিং স্টাফ কিংবা রেফারি যদি মনে করেন এমন কোনো ঘটনা ঘটেছে, তাহলে এই সংকেতের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনতে পারেন। মিশরীয় দলের দাবি, আর্জেন্টিনার তৃতীয় গোল উদযাপনের সময় বর্ণবাদী ঘটনা ঘটেছে বলে মনে করেছিলেন হোসাম। এ কারণেই তিনি রেফারিকে ফিফার বৈষম্যবিরোধী প্রোটোকল চালু করার আহ্বান জানান। হাত ক্রস করে সংকেত দেওয়ার পাশাপাশি হোসাম বারবার রেফারি লেতেক্সিয়ের কাছে অভিযোগ করেন এবং হস্তক্ষেপের অনুরোধ জানান। তবে ফরাসি রেফারি ম্যাচ বন্ধ করেননি এবং ওই প্রোটোকলও চালু করেননি। প্রতিবাদ অব্যাহত থাকায় শেষ পর্যন্ত হোসামকে হলুদ কার্ড দেখান লেতেক্সিয়ের। আর্জেন্টিনার কোনো খেলোয়াড় মিসরের বিপক্ষে নাটকীয় ওই ম্যাচে বর্ণবাদী মন্তব্য করেছেন—এমন কোনো প্রমাণ বা ভিডিও পাওয়া যায়নি।

হাত ক্রস করে কী বোঝাতে চেয়েছিলেন মিসর কোচ