জনতার প্রেস

জনগণের অধিকার ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করাই অগ্রাধিকার: ইশরাক হোসেন

জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের ভাগ্যোন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। একই সঙ্গে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানুষের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ধোলাইখাল টং মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ইশরাক হোসেন।তিনি বলেন, ‘বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানুষের যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করব।’ধোলাইখালের ঐতিহ্য ও নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে ইশরাক হোসেন বলেন, ধোলাইখাল পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী ও বিখ্যাত এলাকা। এই এলাকার সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় এখানে ঢাকা শহরের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষ আন্দোলনে যুক্ত হন।আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘আন্দোলন-সংগ্রামের সময় এই মার্কেটের সামনে আমি প্রথম গুলিবিদ্ধ হই।’ধোলাইখাল টং মার্কেটের উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, মার্কেটের উন্নয়নের মাধ্যমে এর সঙ্গে জড়িত ব্যবসায়ী, দোকানমালিক, শ্রমিক-কর্মচারী এবং তাঁদের ওপর নির্ভরশীল পরিবারগুলোর ভাগ্যোন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চান তিনি।মার্কেটটি স্থায়ী করার বিষয়ে ইশরাক হোসেন বলেন, তাঁর বাবা মেয়র থাকাকালে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ায় সেই কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন যেহেতু বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, আপনারা এই ফাইলটা নিয়ে মুভ করেন। যেখানে যেখানে আপনাদের পক্ষে কথা বলার দরকার, সেটা আমি অবশ্যই করব।’তিনি আরও জানান, ধোলাইখাল টং মার্কেট স্থায়ী করার উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

জনগণের অধিকার ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করাই অগ্রাধিকার: ইশরাক হোসেন