হঠাৎ ঢাকায় পিটার হাস, অবস্থান করবেন ১৯ নভেম্বর পর্যন্ত
জনতার প্রেস | নিজস্ব প্রতিবেদকবাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস হঠাৎ ঢাকায় এসেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন তিনি। তার এবারের ঢাকা সফর ঘিরে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে পিটার হাসের। তবে তার এই সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি ব্যবসায়িক সফর, নাকি অন্য কোনো কারণে তার বাংলাদেশে আগমন, সে বিষয়টিও স্পষ্ট নয়।বাংলাদেশে প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ-সংশ্লিষ্ট কার্যক্রমও দেখভাল করছেন।রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনায় ছিলেন পিটার হাস। বিশেষ করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।২০২৩ সালের ২৫ মে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি এবং এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে আলোচনা হয়। একই দিন তিনি জানান, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার নীতি প্রয়োগ করা হবে।এর আগের দিন, ২৪ মে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি ঘোষণা করেন।পিটার হাস সে সময় বলেছিলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আচরণে ইতিবাচক পরিবর্তন আনতেই এ নীতি গ্রহণ করা হয়েছে। একই বছরের সেপ্টেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিলে ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ এবং গণমাধ্যমের সংশ্লিষ্ট ব্যক্তিরাও ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন।তার এসব বক্তব্য ও কূটনৈতিক তৎপরতা সে সময় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে অবসরের পর বেসরকারি খাতে যুক্ত হওয়া পিটার হাসের এবারের ঢাকা সফর তাই নতুন করে আগ্রহ তৈরি করেছে। তবে সফরকালে তার সম্ভাব্য বৈঠক, কর্মসূচি কিংবা রাজনৈতিক ও ব্যবসায়িক সংশ্লিষ্টতা সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য জানা যায়নি।জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।