জনতার প্রেস

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, রাত সাড়ে ৮টা পর্যন্ত গণনা ১৫ কোটি

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রৌপ্য অলংকার। চার মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্সগুলো খোলা হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত এসব টাকা গণনা করে পাওয়া গেছে ১৫ কোটি টাকা। গণনা শেষে দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য জানান। তিনি বলেন, টাকা গণনার কাজ শেষ হতে রাত ১০টা পেরিয়ে যেতে পারে।এর আগে শনিবার সকাল ৭টার দিকে জেলা প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে দিনভর চলে টাকা গণনার কার্যক্রম।এ কাজে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, পাগলা মসজিদের দানবাক্স সাধারণত প্রতি তিন মাস পরপর খোলা হয়। তবে বিভিন্ন অনিবার্য কারণে নির্ধারিত সময়ের ব্যত্যয় ঘটে। এবার চার মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল।এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রৌপ্য অলংকার পাওয়া যায়।কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, মসজিদের দানবাক্স থেকে পাওয়া অর্থ মসজিদ পরিচালনা, এতিমখানা ও মাদরাসার ব্যয় নির্বাহের পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হয়।তিনি আরও জানান, পাগলা মসজিদকে আধুনিক ইসলামিক কমপ্লেক্স হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে মাস্টারপ্ল্যান প্রণয়ন করে কাজ শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সেখানে একসঙ্গে ৩০ হাজার নারী-পুরুষের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।এই প্রকল্পের জন্য এখন পর্যন্ত কিশোরগঞ্জের রূপালী ব্যাংক শাখায় ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা করা হয়েছে।জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, রাত সাড়ে ৮টা পর্যন্ত গণনা ১৫ কোটি