জনতার প্রেস

কলাপাড়ায় আ.লীগের ওয়ার্ড সভাপতিকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে গাছের গুঁড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে বলে জানা গেছে।শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।আহত শাহ আলম মোল্লা (৬৭) বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর অভিযোগ, কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করে এবং পরে গাছের গুঁড়ি দিয়ে ডান পায়ের গোড়ালিতে আঘাত করে। এতে তাঁর পায়ের গোড়ালি ভেঙে যায়। এ ছাড়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।শাহ আলম মোল্লার পুত্রবধূ রুনা বেগম বলেন, রোববার তাঁর ছেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এ জন্য কেনাকাটা করতে তাঁর শ্বশুর বালিয়াতলীর চৌরাস্তা বাজারে যান। সেখানে বিএনপির কর্মী রুম্মান, তৌহিদ, দীন ইসলামসহ সাত থেকে আটজন তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। পরে গাছের গুঁড়ি দিয়ে আঘাত করে তাঁর ডান পায়ের গোড়ালি ভেঙে দেওয়া হয়।রুনা বেগমের অভিযোগ, হামলাকারীরা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানের লোক।তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মজিবুর রহমান। তিনি বলেন, ‘আমার কোনো লোক এ ঘটনার সঙ্গে জড়িত নয়। কে বা কারা এই হামলা করেছে, তা আমি জানি না। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য শাহ আলম মোল্লা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন।’কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলি সাহা বলেন, আহত শাহ আলম মোল্লাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর শরীর ও মাথায় জখম রয়েছে। তবে ডান পায়ের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আহত শাহ আলম মোল্লাকে দেখতে পুলিশ পাঠানো হয়েছিল। তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়ায় আ.লীগের ওয়ার্ড সভাপতিকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ