জনতার প্রেস

বরকে পিটিয়ে নববধূকে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ, ছাত্রদল কর্মীর বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বরের বাড়িতে যাওয়ার পথে বরযাত্রীর গাড়ির গতিরোধ করে নববধূকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় গাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি বরকে মারধরের অভিযোগও করেছে বরপক্ষ।রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ ও বরপক্ষের স্বজনদের সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের জিলু মিয়ার প্রবাসী ছেলে আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর, স্বজন ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশে রওনা হন।পরে হাজীপুর বাজার এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন যুবক মাইক্রোবাসটির গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁরা গাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এরপর নববধূ তামান্না আক্তারকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছে বরপক্ষ। এ সময় বর আক্তার মিয়াকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।বরপক্ষের অভিযোগ, জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে আতিকুর রহমান মিয়ার নেতৃত্বে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে তিনি ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আতিকুর রহমান মিয়ার সঙ্গে তামান্না আক্তারের পূর্বপরিচয় বা সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে কনের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।তামান্নার বাবা আবুল মিয়া বলেন, ‘একটি ছেলে আগে থেকেই আমার মেয়েকে উত্ত্যক্ত করত—এটুকুই আমরা জানতাম।’ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে সোমবার সকালে বরপক্ষের পক্ষ থেকে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে নববধূকে নিয়ে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরকে পিটিয়ে নববধূকে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ, ছাত্রদল কর্মীর বিরুদ্ধে মামলা