সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে পুলিশ পরিচয়ে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় একটি ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) মাদারীপুরের রাজৈর থানার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন—মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের উজ্জল সরদার (৩২), মাদারীপুর সদর মডেল থানার কুলপদ্দি গ্রামের জুয়েল সিকদার (৩৮) এবং কালকিনি থানার খাসেরহাট গ্রামের তামিম হাওলাদার (২৫)।বুধবার (৭ অক্টোবর) দুপুরে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (উত্তর) থানার ওসি সাইদুল ইসলাম।২৬ লাখ টাকা ডাকাতির ঘটনাডিবি পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সাভার মডেল থানার হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়।মামলাটি তদন্ত করতে গিয়ে ডাকাত চক্রটির বিষয়ে তথ্য পায় ঢাকা জেলা উত্তর ডিবি। পরে প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতিপ্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা প্রাইভেটকার, হাইস ও নোয়াহ গাড়ি ব্যবহার করে ঢাকা জেলা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন।অভিযানে তাদের কাছ থেকে একটি নীল রঙের টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল, পুলিশের একটি নীল টি-শার্ট, একটি লোহার হাসুয়া, দুটি লোহার ছুরি, দুটি বাটন এবং বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।এ ছাড়া নগদ ১৩ হাজার ১৬৭ টাকা, ‘জাহিদুল’ নামের একটি নেমপ্লেট, তিনটি মানিব্যাগ ও দুটি হাতঘড়ি উদ্ধার করা হয়।আগেও অস্ত্র আইনে মামলাপুলিশ জানায়, গ্রেফতার উজ্জল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় এবং তামিম হাওলাদারের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।ঢাকা জেলা উত্তর ডিবি জানিয়েছে, গ্রেফতার তিন আসামিকে আদালতে পাঠিয়ে তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ডাকাতির ঘটনায় তাদের আরও কেউ জড়িত কি না এবং চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।