জনতার প্রেস

তেলের দাম ২০ টাকা বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান: রিজভী

জনতার প্রেস ডেস্ক: জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ানোর পরও সরকারকে ডিজেলে লিটারপ্রতি প্রায় ৭০ টাকা লোকসান গুনতে হবে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আপাতত বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন তিনি।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এর আগে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।ডিজেলে ৭০ টাকা লোকসানের দাবিজ্বালানি তেলের মূল্যবৃদ্ধির হিসাব তুলে ধরে রিজভী বলেন, আগের দিন পর্যন্ত দেশে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা। ২০ টাকা বাড়ানোর পর নতুন দাম দাঁড়িয়েছে ১৩৫ টাকা।তাঁর দাবি, আন্তর্জাতিক বাজার থেকে প্রতি লিটার ডিজেল কিনতে সরকারের প্রায় ২০৫ টাকা ব্যয় হচ্ছে। সে হিসাবে দাম বাড়ানোর আগে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা এবং মূল্য সমন্বয়ের পরও প্রায় ৭০ টাকা লোকসান বহন করতে হবে সরকারকে।রিজভীর ভাষ্য অনুযায়ী, এই ঘাটতি শেষ পর্যন্ত ভর্তুকির মাধ্যমেই সরকারকে সামাল দিতে হবে।আন্তর্জাতিক বাজারের চাপের কথা বললেন রিজভীরিজভী বলেন, দেশে বছরে প্রায় ৭০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল ব্যবহৃত হয়। এর মধ্যে ডিজেলের পরিমাণ প্রায় ৪৫ লাখ টন। জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে—এ কথা স্বীকার করে তিনি আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতিও বিবেচনায় নেওয়ার কথা বলেন।মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত যত দীর্ঘ হচ্ছে, পরিস্থিতি তত জটিল হচ্ছে। জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির পরিস্থিতির কারণেও সরবরাহ ও দামের ওপর চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।‘দাম সমন্বয় ছাড়া উপায় নেই’রিজভী বলেন, জ্বালানি তেল সরকারকে আন্তর্জাতিক বাজার থেকেই কিনতে হয়। বর্তমান পরিস্থিতিতে মূল্য সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আপাতত বিকল্প নেই। তবে ২০ টাকা দাম বাড়ানোর পরও লিটারপ্রতি প্রায় ৭০ টাকা লোকসান বহন করতে হবে বলে তিনি দাবি করেন।একই সঙ্গে সরকারের সমালোচনার পাশাপাশি কম দামে জ্বালানি কীভাবে সরবরাহ করা সম্ভব, সে বিষয়ে বিকল্প প্রস্তাব দেওয়ার জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানান তিনি।বিভিন্ন দেশ থেকে গ্যাস ও জ্বালানি সংগ্রহ করে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলেও জানান বিএনপির এই নেতা। সাম্প্রতিক প্রতিবেদনে তিনি বাংলাদেশের জ্বালানি তেলের দাম অন্যান্য অনেক দেশের তুলনায় কম বলেও মন্তব্য করেছেন।সহিংসতা ও নাশকতা নিয়ে অভিযোগদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত কর্মকাণ্ড বলে অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, নির্বাচিত সরকারের উন্নয়ন ও সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম থেকে জনগণের মনোযোগ সরিয়ে দিতে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।এসব ঘটনার সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাশাপাশি অন্য কোনো শক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রশাসনের ভেতরে থাকা বিগত সরকারের সহযোগীদের বিরুদ্ধেও নাশকতার চেষ্টার অভিযোগ করেন বিএনপির এই নেতা। এসব অভিযোগের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।কর্মসূচি জোরদারের ঘোষণারিজভী জানান, অপপ্রচার ও পরিকল্পিত সহিংসতার বিরুদ্ধে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পেশাজীবী সংগঠনগুলো মিছিল, সমাবেশ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রমও আরও জোরদার করা হবে।

তেলের দাম ২০ টাকা বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান: রিজভী