জনতার প্রেস

ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জনতার প্রেস | ঢাকাপতিত ফ্যাসিবাদী ও তাদের সহযোগী অপশক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘চব্বিশে আমরা পলাতক স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই।’বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও গণতন্ত্রের পক্ষে থাকা সব রাজনৈতিক শক্তিকে দেশের স্বার্থে একযোগে কাজ করতে হবে। গণতান্ত্রিক সংসদে মতপার্থক্য, যুক্তিতর্ক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র সংসদ সদস্য এবং সংসদের বাইরের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকতে পারে না।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, এত মানুষের আত্মত্যাগ, গুম, খুন ও নির্যাতনের পরও ওই অপশক্তির চরিত্রে পরিবর্তন আসেনি। দেশের ভেতরে কিংবা বাইরে সুযোগ পেলেই তারা সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্য ও নির্দেশনায় রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং মানুষ হত্যার তালিকা তৈরির মতো উসকানি দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, হামলা, অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতির কোনো স্থান গণতান্ত্রিক চর্চায় থাকতে পারে না। রাজনীতি কখনো সন্ত্রাস কিংবা মানুষ হত্যার লাইসেন্স হতে পারে না। যারা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কারও গোলামি মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও জীবন দেয়নি। নতুন করে কোনো আধিপত্য কিংবা গোলামির শৃঙ্খল মেনে নেওয়ার জন্য মানুষ আত্মত্যাগ করেনি। এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের পর দেশে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরের ঘটনা দেশের ইতিহাসে গভীর ক্ষত তৈরি করেছে। ওই সময়ে গুম, খুন, অপহরণ ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগের পাশাপাশি ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল।তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন দেশের কোটি কোটি মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার হরণের স্মারক হয়ে রয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন দমনে নজিরবিহীন দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালানো হয়েছিল। আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতার আত্মত্যাগের মুখে শেষ পর্যন্ত স্বৈরাচারী শক্তি ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়।বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময়কার পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও প্রাতিষ্ঠানিক দুর্বলতায় দেশ বিপর্যস্ত ছিল। জনগণের কষ্টার্জিত অর্থ পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে। এসব অর্থ দেশে ফিরিয়ে আনা এবং দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সরকার দেশে-বিদেশে উদ্যোগ নিয়েছে।প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনা সরকারের অন্যতম লক্ষ্য। রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার মতো বড় চ্যালেঞ্জ সরকারের সামনে রয়েছে।অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়ে। ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা ও উৎপাদনব্যবস্থা সচল রাখতে জ্বালানি খাতে সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে চাল, ডাল ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক ও কর কমানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোনো কোনো ক্ষেত্রে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং চলছে। রমজান সামনে রেখে আগাম প্রস্তুতিও নেওয়া হয়েছে।বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, চীন, তুরস্ক ও জাপানসহ কয়েকটি দেশ বাংলাদেশের বিভিন্ন খাতে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তির বিকাশ ঘটবে। তবে বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে এখনই চূড়ান্ত বিনিয়োগ চুক্তি হিসেবে বিবেচনা করা যাবে না। এ বিষয়ে বিরোধীদলীয় নেতার উত্থাপিত প্রশ্নের জবাব আগামী অধিবেশনে সংসদে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি ও উৎপাদনব্যবস্থা ব্যাহত করার অপচেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পোশাকশ্রমিকদের সমস্যা, দাবি ও অধিকার সম্পর্কে সরকার সচেতন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ উন্নয়নে কাজ চলছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নতুন মজুরি কাঠামো ঘোষণা এবং সে অনুযায়ী বেতন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।শ্রমিকদের উদ্দেশে তারেক রহমান বলেন, কোনো ধরনের উসকানিতে পড়ে নিজেদের কর্মস্থলে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা উৎপাদনব্যবস্থা ধ্বংস করা উচিত নয়। যে কারখানা শ্রমিকদের জীবিকার সংস্থান করে, সেটি ক্ষতিগ্রস্ত হলে শ্রমিক, মালিক ও দেশের অর্থনীতি—সবাই ক্ষতিগ্রস্ত হবে। ন্যায্য দাবি আদায়ে আন্দোলনের অধিকার থাকলেও নিজেদের কর্মস্থল রক্ষা করা শ্রমিকদের স্বার্থেই গুরুত্বপূর্ণ।জনতার প্রেস | জনগনের কন্ঠ, জনতার সংবাদ।

ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর