২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
জনতার প্রেস ডেস্ক:২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে একটি আধুনিক, উৎপাদনশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ে দেশের শিল্প ও সেবা খাতকে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে হবে।তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি নীতিগত সহায়তার পাশাপাশি শিল্প ও সেবা খাতের সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর উদ্যোগে এ বছর জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হচ্ছে।দিবসটি উপলক্ষে দেশের শিল্পোদ্যোক্তা, গবেষক, পেশাজীবী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, শ্রমিক-কর্মচারী এবং শিল্প ও সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের শিল্প ও সেবা খাতকে আরও দক্ষ, প্রতিযোগিতামূলক ও টেকসই করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।
প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মেলানোর তাগিদজাতীয় উৎপাদনশীলতা দিবসের এবারের প্রতিপাদ্য ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল উৎপাদন ব্যবস্থা বিশ্বজুড়ে শিল্পের ধরন ও চরিত্র দ্রুত পরিবর্তন করছে। বাংলাদেশকেও এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।প্রধানমন্ত্রী বলেন, শিল্পকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে সক্ষম, দক্ষ, সৃজনশীল ও অভিযোজনক্ষম মানবসম্পদ গড়ে তুলতে হবে। একই সঙ্গে উৎপাদনশীলতার সঙ্গে নতুন ও উচ্চদক্ষতার কর্মসংস্থানের সুযোগ বাড়ানোও জরুরি।
দক্ষ মানবসম্পদ গঠনে বিনিয়োগ বাড়ানোর কথাপ্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ননীতিতে প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রাক্কালে ঘোষিত ইশতেহারেও প্রযুক্তিনির্ভর ও উচ্চদক্ষতার অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং বর্তমান সরকার তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করেছে।তিনি বলেন, ডিজিটাল অর্থনীতি, উচ্চপ্রযুক্তির কর্মসংস্থান ও দক্ষতাভিত্তিক শিক্ষায় বিনিয়োগ বাড়াতে সরকার অঙ্গীকারবদ্ধ। আগামী ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সরকারের অন্যতম লক্ষ্য।উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষতাভিত্তিক ও মূল্যবোধনির্ভর শিক্ষা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার, কারিগরি ও আইটি শিক্ষার সম্প্রসারণ এবং তরুণদের প্রযুক্তিগত ও ভাষাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের দেশীয় ও বৈশ্বিক কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
শুধু প্রযুক্তি নয়, প্রয়োজন গবেষণা ও দক্ষ ব্যবস্থাপনাপ্রধানমন্ত্রী বলেন, শুধু প্রযুক্তি গ্রহণ করলেই উৎপাদনশীলতা বাড়বে না। এর পাশাপাশি প্রয়োজন গবেষণা, উদ্ভাবন, দক্ষ ব্যবস্থাপনা এবং শ্রমিকের সার্বিক কল্যাণ।নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দক্ষতাবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করে শ্রমিক ও কর্মীদের সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।তিনি বলেন, উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক প্রযুক্তি গ্রহণ, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ এবং কর্মীদের নিয়মিত দক্ষতা উন্নয়নে এগিয়ে আসতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্টার্টআপগুলোর জন্য প্রযুক্তি ও অর্থায়নের সুযোগ সম্প্রসারণও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনপিওর কার্যক্রম আরও আধুনিক করার প্রত্যাশান্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) দীর্ঘদিন ধরে উৎপাদনশীলতা উন্নয়নে প্রশিক্ষণ, গবেষণা, পরামর্শ, কারিগরি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।শিল্প ও সেবা খাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও আধুনিক ও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবনকে উৎসাহিত করতে হবে, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি উৎপাদনশীল, উদ্ভাবনী, দক্ষ, প্রতিযোগিতামূলক ও টেকসই শিল্প অর্থনীতিতে পরিণত করার আহ্বান জানান তিনি।এ সময় ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।