বান্দরবানে পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালকের মৃত্যু, আহত ৩
বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের থানচিতে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যান্ড স্কুজার গাড়ি উল্টে দেরাজ মিয়া (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন।রোববার (৩০ আগস্ট) রাতে থানচির তমাতুঙ্গী সড়কের ‘১০ কিলো’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দেরাজ মিয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট এলাকার কবির আহমদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেমনপাড়া থেকে ল্যান্ড স্কুজার গাড়িতে করে থানচির দিকে ফিরছিলেন কয়েকজন পাথর ব্যবসায়ী। পথে পাহাড়ি সড়কের ঢালু অংশে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে চালক দেরাজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।বান্দরবান পুলিশ সুপার থা. ওয়াবুল ইসলাম খন্দকার বলেন, ‘থানচিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।