জনতার প্রেস

দেশে প্রথম পরিবেশবান্ধব গ্রিন গ্যাস্ট্রো-লিভার ও ট্রান্সপ্লান্ট আইসিইউ চালু

ঢাকার মাদানী এভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে দেশের সর্বাধুনিক ও পরিবেশবান্ধব ২৫ শয্যার গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল আইসিইউ, ট্রান্সপ্লান্ট আইসিইউ এবং সার্জিক্যাল এইচডিইউ চালু করা হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) এসব বিশেষায়িত চিকিৎসাসুবিধার উদ্বোধন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এর মধ্যে রয়েছে দেশের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রিন গ্যাস্ট্রো-লিভার, সার্জিক্যাল ও ট্রান্সপ্লান্ট আইসিইউ’।জটিল গ্যাস্ট্রো-লিভার রোগ ও বড় ধরনের অস্ত্রোপচারের রোগীদের জন্য চালু করা হয়েছে ১৪ শয্যার অত্যাধুনিক গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল আইসিইউ। প্রতিটি রোগীর জন্য রয়েছে পৃথক কেবিন। এতে রোগীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানোর পাশাপাশি চিকিৎসক ও নার্সিং টিমের নিবিড় পর্যবেক্ষণ ও সেবা নিশ্চিত করা সম্ভব হবে।এদিকে, লিভার ট্রান্সপ্লান্ট ও ট্রান্সপ্লান্ট-পরবর্তী রোগীদের জন্য চালু করা হয়েছে দেশের প্রথম ৬ শয্যার স্বতন্ত্র ট্রান্সপ্লান্ট আইসিইউ। প্রতিটি কেবিনে রয়েছে নিজস্ব ওয়াশরুম, স্বতন্ত্র HEPA ফিল্টার এবং নিয়ন্ত্রিত বায়ু পরিশোধন ব্যবস্থা। এসব সুবিধা সংক্রমণের ঝুঁকি কমিয়ে রোগীদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ তৈরিতে সহায়ক হবে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের প্রথম ‘গ্রিন আইসিইউ’ হিসেবে এই উদ্যোগে স্বাস্থ্যকর পরিবেশ, উন্নত বায়ু নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে মহামারিসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় পৃথক ও নিয়ন্ত্রিত আইসিইউ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।পাশাপাশি ৫ শয্যার সার্জিক্যাল এইচডিইউ চালু করা হয়েছে। অপেক্ষাকৃত কম মাত্রায় আইসিইউ নির্ভর রোগীদের জন্য এখানে নিবিড় পর্যবেক্ষণ ও বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হবে।ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের এক্সিডেন্ট, ইমার্জেন্সি কেয়ার অ্যান্ড সার্জিক্যাল আইসিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আশরাফুল হক বলেন, “এই বিশেষায়িত আইসিইউ চালুর মাধ্যমে বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ারের সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষায়িত চিকিৎসা দক্ষতার সঙ্গে অত্যাধুনিক অবকাঠামো, নিয়ন্ত্রিত পরিবেশ এবং উন্নত সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা সমন্বয়ের মাধ্যমে ট্রান্সপ্লান্ট, গ্যাস্ট্রো-লিভার ও জটিল সার্জারির রোগীদের জন্য আরও সমন্বিত ক্রিটিক্যাল কেয়ার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন বলেন, “এই অত্যাধুনিক গ্যাস্ট্রো-লিভার ও ট্রান্সপ্লান্ট আইসিইউয়ের মাধ্যমে বাংলাদেশে জটিল রোগের চিকিৎসাকে আরও উন্নত ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য, দেশের মানুষ যেন জটিল চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পাওয়ার আস্থা ও সুযোগ পান।”উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা, অ্যাডভাইজার আখতার মাহমুদ রানা, ইউনাইটেড হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর নিজামউদ্দিন হাসান রশিদ, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন, জাতীয় দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদসহ ইউনাইটেড গ্রুপ ও ইউনাইটেড হেলথকেয়ারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।বাংলাদেশে প্রথম রোবোটিক সার্জারি চালুর পর রোগীদের বিশ্বমানের চিকিৎসা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অঙ্গীকারের ধারাবাহিকতায় নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত প্রযুক্তি, বিশেষায়িত চিকিৎসা এবং আধুনিক ক্রিটিক্যাল কেয়ার সুবিধার সমন্বয়ে জটিল ও সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই হাসপাতালটি এগিয়ে যাচ্ছে।

দেশে প্রথম পরিবেশবান্ধব গ্রিন গ্যাস্ট্রো-লিভার ও ট্রান্সপ্লান্ট আইসিইউ চালু