গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর বিক্ষোভ, ভাঙচুর-অগ্নিসংযোগ; পুলিশ সুপার বদলি
গোপালগঞ্জ জেলা শহরে দিনভর বিক্ষোভ, মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এদিকে আগের রাতে টুঙ্গিপাড়া উপজেলার দুটি বাজারে বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।দিনভর এসব ঘটনার মধ্যে রোববারই গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১১টার পর গোপালগঞ্জ সদর ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করেন। শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হওয়ার পর বেলা ১২টার দিকে লগি-বৈঠাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একযোগে মিছিল বের করেন তাঁরা।মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা প্রদক্ষিণ করে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন তাঁরা। মিছিলে উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মীকেও অংশ নিতে দেখা যায়।এ সময় মিছিলকারীদের বিরুদ্ধে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়।এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নাম পরিবর্তন করে ‘জয় বাংলা চত্বর’ নামফলক পুনঃস্থাপন করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।অন্যদিকে, ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকেও সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে মিছিল বের করা হয়। পরে মিছিলগুলো পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্রিত হয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যায়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কার্যালয়টি খুলে সেখানে উল্লাস করেন নেতাকর্মীরা।এসব কর্মসূচির কারণে সকাল ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের দৃশ্যমান তৎপরতা ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বললেও তাঁরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুনএদিকে শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে তাঁরা নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। একই রাতে বর্ণি বাজারে যুবদলের কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।এসব ঘটনার পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতী-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন দুর্বৃত্তরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলিদিনভর উত্তেজনা, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার মধ্যেই রোববার গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে।উপসচিব তৌছিফ আহমদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।