জনতার প্রেস

গোপালগঞ্জে সমাবেশ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; দোকান ভাঙচুর ১০টি

**গোপালগঞ্জ প্রতিনিধি:| জনতার প্রেস**গোপালগঞ্জ জেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ছয়টি ককটেল বিস্ফোরণ এবং ১০টি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের ছাত্রলীগ কর্মী সাজিদের ধাক্কাধাক্কি হয়।এ ঘটনার জেরে সন্ধ্যার পর দুই গ্রামের আওয়ামী লীগ-সমর্থিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান (১৯), শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৪০) এবং ঘোষেরচর গ্রামের কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা (৩৭) আহত হন।এ ছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে আরও সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।সংঘর্ষের সময় লঞ্চঘাট এলাকার অন্তত ১০টি দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ফারিহা পুষ্পালয়।প্রতিষ্ঠানটির মালিক হাবিবুর রহমান বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শেষে নেতা-কর্মীরা লঞ্চঘাট এলাকায় সমবেত হন। পরিস্থিতি বিবেচনায় তাঁরা দোকান বন্ধ করে দেন। কিছুক্ষণ পরই তাঁদের দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়।তিনি বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে দোকান শেষ করে দিল। আমরা গোপালগঞ্জের মানুষ, আমরাও আওয়ামী লীগ করি। আমাদের দোকান কেন ভাঙচুর করল?’হাবিবুর রহমান আরও অভিযোগ করেন, পৌরসভার ঘর ভাড়া নিয়ে ওই এলাকায় মূলত চরমানিকদাহ গ্রামের বাসিন্দারা ফুলের ব্যবসা করেন। তাঁদের সেখানে ব্যবসা করতে না দেওয়ার মনোভাব থেকেই ঘোষেরচর গ্রামের লোকজন এ হামলা চালিয়েছেন বলে তাঁর দাবি।এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পুলিশ পেয়েছে। তবে পরবর্তী সময়ে দুই পক্ষ নিজেরাই বিষয়টি মীমাংসা করে নিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |

গোপালগঞ্জে সমাবেশ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; দোকান ভাঙচুর ১০টি