সুনামগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১৫
সুনামগঞ্জ সদরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিউলি রাণী (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।সোমবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজেলার জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি গেইটলক বাস জানিগাঁও এলাকায় পৌঁছালে চালক হঠাৎ হার্ড ব্রেক করেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ২০ থেকে ৩০ জন যাত্রী ছিলেন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের হাসপাতালে পাঠান। এ সময় শিউলি রাণী উল্টে থাকা বাসটির নিচে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, জানিগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়েছেন।