‘কৃষক কার্ড কৃষকের রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক’
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেছেন, কৃষক কার্ড শুধু কৃষি সহায়তা পাওয়ার একটি মাধ্যম নয়, এটি কৃষকের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতির প্রতীক।
তিনি বলেন, কৃষকের অধিকার সুরক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। আগামী ৩০ নভেম্বর ও ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী আরও তিন লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন।
কৃষকের স্বার্থ সুরক্ষা এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার বিতরণ ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতি, অনিয়ম কিংবা অবহেলা বরদাশত করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দায়িত্ব পালনে ব্যর্থতা কিংবা সার বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সচিব।
বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী অঞ্চলে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এনডিসি সভায় সভাপতিত্ব করেন।
কৃষি সচিব বলেন, যথাসময়ে ও ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছে দেওয়া কৃষি মন্ত্রণালয়ের অন্যতম অগ্রাধিকার। কৃষকের প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে সঠিক পরিমাণ সার সরবরাহ নিশ্চিত করতে হবে।
উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। এ অঞ্চলের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সার ডিলারদের মধ্যে এখন আর কোনো বিভাজন নেই, সবাই কৃষি মন্ত্রণালয়ের সার ডিলার। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সার মজুত ও বিক্রির হিসাব প্রতিদিন মনিটরিং করা হবে। বরাদ্দকৃত সার যেসব ডিলার এখনো উত্তোলন করেননি, তাদের দ্রুত সার উত্তোলন করে কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে হবে।
সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, কৃষক যেন কোনোভাবেই সার সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রশাসন ও কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। সার নিয়ে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার হলে কৃষকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সচিব আরও বলেন, সার বিক্রয়কেন্দ্রগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা রাখতে হবে, যাতে কৃষক তাদের সুবিধামতো সময়ে সার সংগ্রহ করতে পারেন। বোরো মৌসুমে সারের কোনো ঘাটতি হবে না। দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। সুষ্ঠু সরবরাহ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকের চাহিদা অনুযায়ী সার পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এবার আমন মৌসুমে বাম্পার ফলন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষকের মুখে যে স্বস্তির হাসি দেখা যাচ্ছে, তা ধরে রাখতে কৃষি উৎপাদনের প্রতিটি পর্যায়ে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। জমির উর্বরতা ও ফসলের চাহিদা অনুযায়ী পরিমিত ও সুষম সার ব্যবহারের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। এ জন্য কৃষকদের মাটি পরীক্ষা এবং ফসলভিত্তিক সুপারিশ অনুসারে সার প্রয়োগে সচেতন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এর আগে রাজশাহী অঞ্চলে সারের সার্বিক সরবরাহ ব্যবস্থাপনা, বিশেষ করে সাপ্লাই চেইনে উত্তোলন ও অনুত্তোলনসংক্রান্ত সমস্যা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পিপিবি) কামরুল হাসান। তিনি জানান, সাপ্লাই চেইন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. খোরশেদ আলম, যুগ্মসচিব (সম্প্রসারণ) মোহাম্মদ এনামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আতিকুর রহমান এবং উপসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মুহাম্মদ শহিদ উল্লাহ।
এ ছাড়া কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন। সার ডিলারদের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। সভায় সার সরবরাহ, বিতরণ ও মাঠপর্যায়ের ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।