জনতার প্রেস

১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার প্রেসপাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমসহ নয়জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কেএনএফের ইউনিফর্ম তৈরির সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের অনুসন্ধানে ১ কোটি ৬২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার লেনদেনের তথ্য পাওয়ার পর এ মামলা করা হয়। বুধবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি দায়ের করে সিআইডি। শুক্রবার বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন নাথানা লনচেও ওরফে নাথান বম (৪৯), মংহলাসিন মারমা ওরফে মং (৩৮), নিয়াজ হায়দার (৩৯),গোলাম আজম (৪৭), সাহেদুল ইসলাম (২৭), মোহাম্মদ কামরুজ্জামান (৫৮), জামালুল ইসলাম (৪৫), মতিউর রহমান (৪৩) ও তৌহিদুল ইসলাম (৩৮)। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ মে বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি পোশাক কারখানা ও একটি গুদামে অভিযান চালায় পুলিশ। এ সময় ২০ হাজার ৩০০ সেট ইউনিফর্ম উদ্ধার করা হয়, যেগুলো কেএনএফের বলে জানানো হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। পরে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই ঘটনার পর কেএনএফের ইউনিফর্ম তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। সম্প্রতি অনুসন্ধান শেষ হওয়ার পর এ-সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য সামনে আসে। সিআইডি সূত্র জানায়, অনুসন্ধানে কেএনএফের ৪০ হাজার সেট ইউনিফর্ম তৈরির কাপড় (ফেব্রিক) সরবরাহ ও সেলাইয়ের কাজ বাবদ মোট ১ কোটি ৬২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিপুল অর্থের লোভে পোশাক প্রস্তুতকারকেরা এসব ইউনিফর্ম তৈরি করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা