জনতার প্রেস

চট্টগ্রাম-কক্সবাজার রুটে আজও ট্রেন চলাচল বন্ধ

টানা ভারি বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় রেললাইন ডুবে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  বুধবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী। মঙ্গলবার দুপুরে মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইন পানিতে ডুবে যায়। আবু বক্কর সিদ্দিকী জানান, রেললাইনে পানি ওঠার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চালানো হবে। চট্টগ্রাম-কক্সবাজার রেলপথটিতে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া-আসা করে। রেলওয়ের সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরের ষোলোশহর-জানালিহাট সেকশনের মধ্যবর্তী ওই স্থানে প্রায় দুই ফুট পানিতে রেললাইন ডুবে আছে। পানি না কমায় বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রামে আটকে পড়ে। ট্রেনটি কক্সবাজারে যেতে পারেনি। বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে আসবে।  এছাড়া বুধবার সকালে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল সৈকত এক্সপ্রেস। কিন্তু সকালে যাত্রা বাতিল করা হয়। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। চট্টগ্রাম স্টেশন থেকে বিকালে প্রবাল এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা। মূলত সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে ফেরার পর তা ‘প্রবাল এক্সপ্রেস’ নামে বিকালে ছেড়ে যায়। তবে সেই যাত্রা এখন অনিশ্চিত। রেলপথটি দিয়ে ঢাকা থেকে পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেস নামের দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। ট্রেন দুটি চট্টগ্রাম স্টেশনে যাত্রা বিরতি দেয়। এরপর কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। কিন্তু ট্রেন দুটির যাত্রা বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে আজও ট্রেন চলাচল বন্ধ