ধর্ম ও মতের কারণে কেউ বৈষম্যের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক | জনতার প্রেসধর্ম ও মতের কারণে কেউ বৈষম্যের শিকার হবেন না—এমন একটি মানবিক রাষ্ট্র ও সমাজ গঠনের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ শিবলী। তিনি বলেছেন, উদারনৈতিক মনোভাব নিয়ে এমন একটি রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, যেখানে সব নাগরিক সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সদস্য বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিমসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানসাংবাদিকদের পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি বলেন, আগামী দিনগুলোতেও সাংবাদিকদের ঐক্য ধরে রাখতে হবে। সাংবাদিকরা নিজেরা ঐক্যবদ্ধ না থাকলে শেষ পর্যন্ত নিজেদেরই ক্ষতি হবে।ছালেহ শিবলী বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাব থাকলে প্রতিষ্ঠান ও সংগঠন থেকে প্রাপ্য সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে যেমন সমস্যা তৈরি হতে পারে, তেমনি একজন নাগরিক ও সাংবাদিক হিসেবে তাঁদের অধিকার থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রেস সচিব বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। সেই পরিস্থিতি এখনো থামেনি, বরং আরও বিস্তৃত হয়েছে।বিগত সরকারের সময় বিরোধী মত দমনের চেষ্টার ফলে সমাজে ঘৃণা ও প্রতিহিংসার সংস্কৃতি তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ১৫ বছরে দেশে গুম ও খুনের ঘটনা ঘটেছে।এ ছাড়া গত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি গুজব, গুঞ্জন ও অপতথ্যের শিকার হয়েছেন বলেও দাবি করেন ছালেহ শিবলী।
রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে নিরপেক্ষতা জরুরিসাংবাদিকদের রাজনৈতিক মতাদর্শ ও পেশাগত দায়িত্বের সম্পর্ক তুলে ধরে ছালেহ শিবলী বলেন, কোনো সাংবাদিক রাজনৈতিক দলকে সমর্থন করলে সেটিকে তিনি অন্যায়, অপরাধ কিংবা অস্বাভাবিক বিষয় বলে মনে করেন না।তিনি বলেন, একজন সাংবাদিক নিয়মিত পড়াশোনা করেন, দেশ-বিদেশের খবর রাখেন এবং চারপাশের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করেন। এসব অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন বিষয়, আদর্শ ও রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে তাঁর নিজস্ব মতামত তৈরি হওয়া স্বাভাবিক।তবে ব্যক্তিগত বিশ্বাস কিংবা রাজনৈতিক অবস্থান যেন সাংবাদিকতার দায়িত্ব পালনে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।ছালেহ শিবলী বলেন, কোনো বিষয়ে নিজের জানা, শোনা, বোঝা কিংবা ব্যক্তিগত পক্ষপাত যদি সত্য তুলে ধরার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তাহলে বুঝতে হবে ব্যক্তিগত বিশ্বাস সাংবাদিকতার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে।একজন সাংবাদিকের ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস যেন তাঁর নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।