জনতার প্রেস

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদাভাবে প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটগতভাবে নয়, রাজনৈতিক দলগুলো আলাদাভাবে প্রার্থী দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্য হয়েছিল। তবে স্থানীয় সরকার নির্বাচনে সেই জোটগত ঐক্য থাকছে না। দলগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রার্থী দেবে। জামায়াতের স্থানীয় শাখাগুলোকে ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।ইসির সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ নিয়েও আপত্তি জানায় জামায়াত। গোলাম পরওয়ার অভিযোগ করেন, ওই কর্মকর্তা অতীতে বিএনপির একটি নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। এ কারণে তার দায়িত্বে থাকা অবস্থায় নির্বাচন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে বলে দাবি করেন তিনি।জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতিরিক্ত সচিবকে না সরালে স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে না। তবে এ বিষয়ে এখনই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি বলেও জানান তিনি। তার ভাষ্য, জামায়াত এখনো নির্বাচন কমিশনের ওপর আস্থাশীল।বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়ার প্রস্তাবেরও বিরোধিতা করেছে জামায়াত। গোলাম পরওয়ার বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারলেও স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না—এমন বিধান বৈষম্যমূলক এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ ধরনের সুপারিশ বাতিলের দাবি জানানো হয়েছে।এ ছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতা বা পদধারীরা যাতে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সে বিষয়ে বিধান করার দাবি জানিয়েছে জামায়াত। রাজনৈতিক বিবেচনায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া প্রশাসকদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানানো হয়েছে।গোলাম পরওয়ার বলেন, স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে প্রশাসন ও নির্বাচনী ব্যবস্থায় রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে জামায়াতের পক্ষ থেকে ইসির কাছে নয় দফা প্রস্তাব দেওয়া হয়েছে।তিনি বলেন, নির্বাচন বর্জনের সময় এখনো আসেনি। জামায়াত নির্বাচন কমিশনের ওপর আস্থাশীল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় পর্যায়ে নির্বাচনের প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে।

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদাভাবে প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার