জনতার প্রেস

মানুষের চেয়ে হাজার গুণ বুদ্ধিমান এআই আসছে!

মানুষের বুদ্ধিমত্তাকে বহুগুণ ছাড়িয়ে যাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ‘সুপারইন্টেলিজেন্স’ খুব শিগগিরই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এমন প্রযুক্তির ওপর একপর্যায়ে মানুষের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্দর ওয়াং। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ২৯ বছর বয়সী এই প্রযুক্তি নির্বাহী বলেন, ‘সুপারইন্টেলিজেন্স আসছে। আগামী এক বছরে মানবজাতি কীভাবে পদক্ষেপ নেয়, তার ওপর নির্ভর করবে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে।’ সম্প্রতি এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এক কর্মী তাদের তৈরি এআই মডেল ক্লড ব্যবহার করে গণিতের অন্যতম জটিল সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধানের দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে ওয়াং বলেন, নিছক বুদ্ধিবৃত্তিক সক্ষমতার বিচারে এ অর্জন মানুষের যেকোনও কৃতিত্বকে ছাড়িয়ে গেছে। তার মতে, উদীয়মান এআই মডেলগুলো নিজেদের সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে মানুষের চেয়েও এগিয়ে যাবে। পাশাপাশি জীববিজ্ঞান, অস্ত্র গবেষণা ও অর্থনীতির মতো ক্ষেত্রের গবেষণার গতিও বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ওয়াং বলেন, এআই যদি মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজের সক্ষমতা ক্রমাগত বাড়াতে পারে, তাহলে একপর্যায়ে সেটিকে নিয়ন্ত্রণ করা মানবজাতির জন্য কঠিন হয়ে পড়বে। এমনকি প্রতিটি ক্ষেত্রে মানুষের তুলনায় এক হাজার গুণ বেশি বুদ্ধিমান ও সক্ষম এআই তৈরি হলে তার ওপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখা অসম্ভবও হতে পারে। তিনি বলেন, এআইয়ের সক্ষমতা বৃদ্ধির পেছনে থাকা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বাধাগুলো অনেকটাই সমাধান হয়ে গেছে। এখন নিরাপত্তা, মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য এবং সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিটির দায়িত্বশীল অগ্রগতি নিয়ে ভাবতে হবে। এআই নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা ‘রিকর্সিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’ বা মানুষের সহায়তা ছাড়াই নিজেদের উন্নত করার সক্ষমতাকে বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা, এমন পর্যায়ে পৌঁছালে এআইয়ের ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে প্রযুক্তি অঙ্গনে মতভেদ রয়েছে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বরাবরই এ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী। অন্যদিকে অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এআই উন্নয়নের গতি সমন্বিতভাবে কমানোর পক্ষে। ওয়াং বলেন, এআইয়ের কাছে সমাজের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি মেনে নেওয়া যায় না। বরং এমন প্রযুক্তি গড়ে তুলতে হবে, যা মানবজাতির কল্যাণ, স্বাধীনতা ও সক্ষমতা বাড়াবে। সূত্র: আল-জাজিরাজনতার প্রেস।জনগনের কন্ঠ। জনতার সংবাদ

মানুষের চেয়ে হাজার গুণ বুদ্ধিমান এআই আসছে!