খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি কেন্দ্রে আগুন, পুড়েছে বৈদ্যুতিক সরঞ্জাম
জনতার প্রেস | খুলনা প্রতিনিধিখুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্যান, ব্যাটারি, আসবাবসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ রানা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। পরে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তদন্ত ছাড়া আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।খুলনা ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের সিনিয়র অফিসার মো. জাকির হোসেন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার আইসিটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কক্ষটিতে থাকা কম্পিউটার, এসি ও অন্যান্য সরঞ্জামের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তথ্য সংগ্রহ করা হচ্ছে।খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ওই কক্ষে বিভিন্ন উপজেলার আইসিটি বিভাগের সার্ভার রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।তিনি আরও জানান, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত তথ্য জানা যাবে।