জনতার প্রেস

গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির

গোপালগঞ্জের শান্তিপ্রিয় মানুষদের এলাকায় অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। একই সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে বলেও জানিয়েছেন তিনি।শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় অংশ নেন আইজিপি। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।আইজিপি আলী হোসেন ফকির বলেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি আজ পর্যন্ত অনেক ভালো রয়েছে। আগামী দিনেও এ পরিস্থিতি ভালো থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এলাকার শান্তিপ্রিয় মানুষদের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।তিনি বলেন, ‘আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন; এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।’আইজিপি আরও বলেন, ‘আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলো যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন। এমন সংখ্যা খুব বেশি নয়।’জেলায় পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম পুনরায় শুরু করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, থানা জনগণের সেবার জন্য। জনগণই যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে?তিনি বলেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে? আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’পুলিশকে সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করা কঠিন হবে উল্লেখ করে আইজিপি বলেন, পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।জনতার প্রেস | জনগনের কন্ঠ, জনতার সংবাদ।

গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির