জনতার প্রেস

নেপালের বন্যায় ৯৫ মৃত্যু, নিখোঁজ ৪০০ পর্যটক; নিরাপদে আছেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে বন্যার কারণে প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ২৯১ জনই বিদেশি নাগরিক।বুধবার (২৬ আগস্ট) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।নেপাল ট্যুরিজম বোর্ডের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক। আরও ১১১ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নেপালে আটকা পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমা ‘শিকার’-এর টিম। তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস জানান, সিনেমাটির শুটিংয়ের জন্য তারা বর্তমানে নেপালের পোখারায় অবস্থান করছেন। সেখানে তারা নিরাপদে থাকলেও পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার মহাসড়কটি বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। আমরা মূলত দেশটির পোখারাতে অবস্থান করছি। যেখানে নিরাপদে আছি।’তিনি আরও জানান, পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি মেরামতে প্রায় এক মাস সময় লাগতে পারে বলে তারা জানতে পেরেছেন। তবে তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল তারা ফ্লাইটে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা করছেন।অভিনেত্রী জানান, কাঠমান্ডু থেকে শুক্রবারের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।ভক্তদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, ‘আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। পাশাপাশি পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অভিনয়শিল্পী সিনেমাটিতে কাজ করছেন।

নেপালের বন্যায় ৯৫ মৃত্যু, নিখোঁজ ৪০০ পর্যটক; নিরাপদে আছেন অপু বিশ্বাস