জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

জলবায়ু, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারেও থাকবে গুরুত্ব

জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক নবযাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন তারেক রহমান

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক নবযাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক | জনতার প্রেস

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া প্রথম ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরবেন।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়ও গুরুত্ব পাবে। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।

নতুন সরকারের প্রথম জাতিসংঘ সফর

জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে বর্তমান সরকারের এটিই প্রথম অংশগ্রহণ। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এ অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পররাষ্ট্র সচিবের ভাষ্য অনুযায়ী, এ কারণে এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের কূটনৈতিক গুরুত্ব রয়েছে। সফরের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ২২ সেপ্টেম্বর থেকে তাঁর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে।

২২ সেপ্টেম্বর সকালে জাতিসংঘ মহাসচিবের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য স্বাগত প্রাতঃরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

জলবায়ু ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ে বাংলাদেশের অবস্থান

২৩ সেপ্টেম্বর বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই দিন বৈশ্বিক বৈষম্য মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন ও ন্যায্য রূপান্তরসংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আয়োজিত উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ‘লস অ্যান্ড ড্যামেজ’ এবং জলবায়ু ন্যায়বিচারের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

রোহিঙ্গা সংকটেও আন্তর্জাতিক সহযোগিতা চাইবে বাংলাদেশ

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে রোহিঙ্গাদের দ্রুততম সময়ে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ ছাড়া মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক আরেকটি সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। সেখানে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকারের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত ধাত্রীসেবার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হবে।

একাধিক দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।

বিনিয়োগ ও অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্ব

প্রধানমন্ত্রীর সফরে অর্থনৈতিক কূটনীতিও গুরুত্ব পাবে। এ অংশ হিসেবে ওয়াল স্ট্রিট ও মেটাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে।

এসব আলোচনায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, উৎপাদন, অবকাঠামো ও প্রযুক্তি খাতের সম্ভাবনা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং তরুণদের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টির বিষয় গুরুত্ব পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পররাষ্ট্র সচিবের আশা, প্রধানমন্ত্রীর এবারের সফরের মাধ্যমে বাংলাদেশের নতুন সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকার আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। 

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদ,

আপনার মতামত লিখুন

জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক নবযাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন তারেক রহমান
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক নবযাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস