প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরা নয়, পরিণতি প্রত্যর্পণ ও আত্মসমর্পণ: মাহফুজ আলম
মুক্তা আক্তার , বার্তা সম্পাদক ||
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরাকে ‘প্রত্যাবর্তন’ হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’-এর প্রতিষ্ঠাতা মাহফুজ আলম। তার ভাষায়, শেখ হাসিনার পরিণতি হবে ‘প্রত্যর্পণ ও আত্মসমর্পণ’। একই সঙ্গে আওয়ামী লীগকে গত ১৭ বছরের শাসনামলের সত্য স্বীকার করে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন মাহফুজ আলম।ফেসবুক পোস্টে তিনি বলেন, সন্ত্রাস ও খুনের রাজনীতির পরিবর্তে গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাসের রাজনীতি পরিত্যাগের ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো ধরনের ‘রিকনসিলিয়েশন’ বা সমঝোতার আলোচনা সম্ভব নয়।সমঝোতার বিষয়ে নিজের আগের অবস্থান তুলে ধরে মাহফুজ আলম লেখেন, সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের মধ্যে সম্ভবত তিনিই প্রথম ‘রিকনসিলিয়েশন’ বা সমঝোতার প্রসঙ্গ তুলেছিলেন। তবে আওয়ামী লীগের মধ্যে এখনো বিন্দুমাত্র অনুশোচনা কিংবা আত্মপর্যালোচনার লক্ষণ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সাবেক এই উপদেষ্টা। তার বক্তব্য, সন্ত্রাস ও খুনের রাজনীতি অব্যাহত থাকলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে। এর ফলে শিল্প-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানুষের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হতে পারে। এসব ঘটনার দায় আওয়ামী লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্রকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।এ ছাড়া সীমান্তপারের সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মাহফুজ আলম।জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস