প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে অস্ত্র হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, সংসদ সদস্যের হাসপাতালে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ
||
জনতার প্রেস | গোপালগঞ্জ প্রতিনিধিরামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই সময়ে শহরের কয়েকটি এলাকায় বিক্ষোভ ও সড়কে অবস্থান নেন তাঁরা। এ ছাড়া গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি হাসপাতালে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জ সদর, মুকসুদপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার পর পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁদের হাতে রামদা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বিভিন্ন দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসা ব্যক্তিরা সন্ধ্যায় লঞ্চঘাট এলাকায় একত্র হন। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় ‘খেলা খেলা খেলা হবে’সহ নানা স্লোগান শোনা যায়।সংসদ সদস্যের হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসন্ধ্যা ৭টার পর শহরের থানাপাড়া এলাকায় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটে। এ হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।পাঁচতলা হাসপাতাল ভবনের নিচতলায় প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের চেম্বার রয়েছে। নিচতলার একটি কক্ষ সংসদ সদস্য কে এম বাবর তাঁর কার্যালয় হিসেবে ব্যবহার করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা হাসপাতালে ভাঙচুর চালানোর পাশাপাশি চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। এ সময় ককটেল বিস্ফোরণ ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আগুন নেভানো হয়। আগুনের ধোঁয়ায় হাসপাতালের পুরো ভবন আচ্ছন্ন হয়ে পড়ে।হামলার সময় হাসপাতালে রোগী ও তাঁদের স্বজনেরা অবস্থান করছিলেন। হঠাৎ হামলা ও আগুনের ঘটনায় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনেরা ভর্তি থাকা শিশুদের কোলে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যান।এক প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে ৮টার দিকে এক মধ্যবয়সী নারী নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে দ্রুত বের হন। পরে এক স্বজনের সহায়তায় রিকশায় ওঠেন তিনি। ওই নারী জানান, গত রোববার তাঁর মেয়ের সন্তান হয়েছে। হাসপাতালের এমন পরিস্থিতিতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।হাসপাতালের পাশের একটি ভবনে ভাড়া থাকেন সংসদ সদস্য কে এম বাবর। তবে ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না।রাত ৮টা ২৩ মিনিটে মুঠোফোনে সংসদ সদস্য কে এম বাবর বলেন, হাসপাতালে অনেক রোগী ছিলেন। সেখানে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘যুদ্ধের সময়ও তো কেউ হাসপাতালে আক্রমণ করে না। এ কী শুরু হয়েছে! হাসপাতালে রোগী ছিল। আজকেও সিজার হয়েছে। সেই অবস্থায় এই হাসপাতালে আক্রমণ করেছে। ককটেল বিস্ফোরণ ও আগুন জ্বালিয়ে দিয়েছে।’বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, গ্রামীণ ব্যাংকেও হামলাএদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়সহ কয়েকটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।সকাল থেকেই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, সড়কে বাধাএর আগে বুধবার সকাল থেকেই গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কের অন্তত ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।সড়ক অবরোধের ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেওয়া না হলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি ধারণ করতে গেলে তাঁদের বাধার মুখে পড়তে হয় বলে জানা গেছে।একই দিনে শহরের বিভিন্ন স্থানে অস্ত্রের মহড়া, হাসপাতাল ও রাজনৈতিক কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জজুড়ে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।জনতার প্রেস | জনগনের কন্ঠ, জনতার সংবাদ।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস