প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
বরিশালে বাসে আগুন, মহাসড়কে অবরোধের চেষ্টা; ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ
মুক্তা আক্তার , বার্তা সম্পাদক ||
বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা এবং গৌরনদীতে বাঁশবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ও রাতে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় বরিশালের সড়ক যোগাযোগ ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণ পাশে পার্কিং করে রাখা বিএমএফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটির ইঞ্জিনের কভারের ওপর আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ইঞ্জিন কভার, স্টিয়ারিংসহ বাসের কয়েকটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।আগুন দেখতে পেয়ে টার্মিনালে থাকা শ্রমিকেরা দ্রুত বাসটির জানালার কাচ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিএমএফ পরিবহনের বাসটির মালিক মো. শিবলু বলেন, কিছুক্ষণ আগেই বাসটিতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।বাসচালক কাজী মো. রানা জানান, হঠাৎ পাশের বাসে আগুন জ্বলতে দেখে তাঁরা দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। বাসটি প্রায় তিন মাস ধরে ওই স্থানে পার্কিং করে রাখা ছিল।এদিকে, বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মহাসড়কের ওপর একটি গাছ ফেলে তাতে আগুন জ্বালাতে দেখা যায়। ঘটনাস্থলের পাশে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানারও পড়ে থাকতে দেখা গেছে।এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর তিনি এখনো পাননি।অন্যদিকে, সন্ধ্যা ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।এ ঘটনায় বিস্তারিত জানতে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠিয়েও তাঁর কোনো উত্তর পাওয়া যায়নি।পৃথক এসব ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে অগ্নিসংযোগ ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।জনতার প্রেস | জনগনের কন্ঠ, জনতার সংবাদ।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস